জাতীয়

নির্বাচনে ভোটার আনা-নেওয়ায় প্রার্থীর যানবাহন ব্যবহারে নিষেধাজ্ঞা ইসির

ঢাকা, ১১ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলাকালীন ভোটারদের ভোটকেন্দ্রে আনা-নেওয়ার কাজে কোনো প্রার্থী, নির্বাচনি এজেন্ট কিংবা সমর্থক যানবাহন ব্যবহার করতে পারবেন না। নির্বাচন কমিশনের উপ-সচিব মনির হোসেন স্বাক্ষরিত এক পরিপত্রের মাধ্যমে রিটার্নিং অফিসারদের এ বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

পরিপত্রে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা যাতে আচরণ বিধিমালা লঙ্ঘন না করেন এবং ভোটারদের কোনোভাবেই প্রভাবিত করতে না পারেন, তা নিশ্চিত করার দায়িত্ব রিটার্নিং কর্মকর্তাদের। এই আইনের ব্যত্যয় ঘটলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে কোনো প্রার্থী বা তার সমর্থক নির্বাচনি ক্যাম্প স্থাপন করতে পারবেন না। ভোট প্রচারের উদ্দেশ্যে লাগানো পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল ভোটগ্রহণ শুরুর আগেই কেন্দ্র এলাকা থেকে সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।

ভোটকক্ষে ব্যালট বাক্স ব্যবস্থাপনার বিষয়েও বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। নির্বাচনে শুধুমাত্র স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহারের নির্দেশনা রয়েছে এবং জেলা পর্যায়ে কেন্দ্রভিত্তিক ব্যালট বাক্স পৌঁছে দেওয়া হয়েছে। প্রতিটি ভোটকক্ষে একটি করে ব্যালট বাক্স থাকবে এবং কেন্দ্রের জন্য একটি অতিরিক্ত বাক্স সংরক্ষিত রাখা হবে। একই ভোটকক্ষে একাধিক ব্যালট বাক্স ব্যবহারের সুযোগ থাকবে না। আগামী ১২ ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এস এম/ ১১ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language