নিজ আসনের গণ্ডি পেরিয়ে কক্সবাজার জুড়ে ধানের শীষের প্রচারণায় সালাহউদ্দিন আহমদ

কক্সবাজার, ৮ ফেব্রুয়ারি – আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কক্সবাজার-১ বা চকরিয়া ও পেকুয়া আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলের স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে তিনি কেবল নিজের নির্বাচনী এলাকাতেই সীমাবদ্ধ নেই বরং কক্সবাজার জেলার অন্য তিনটি আসনেও দলীয় প্রার্থীদের পক্ষে বিরামহীন প্রচারণায় অংশ নিচ্ছেন। নির্বাচনী প্রচারণায় তিনি যেখানেই যাচ্ছেন সেখানেই সাধারণ ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন বলে জানা গেছে।
তার উপস্থিতিতে প্রতিটি জনসভা ও পথসভা জনাকীর্ণ সমাবেশে রূপ নিচ্ছে। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও অতীত কর্মকাণ্ডের সুবাদে সালাহউদ্দিন আহমদের জনপ্রিয়তা নিজ আসনের বাইরেও পুরো জেলা জুড়ে বিস্তৃত। জাতীয় পর্যায়ের এই নেতার গ্রহণযোগ্যতাকে কাজে লাগিয়ে জেলার অন্য তিনটি আসনেও ধানের শীষের বিজয় নিশ্চিত করতে চাইছেন স্থানীয় নেতাকর্মীরা। এই ধারাবাহিকতায় গত ৪ ফেব্রুয়ারি কক্সবাজার-৪ বা উখিয়া ও টেকনাফ আসনের উখিয়া উপজেলার কোট বাজারে বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরীর নির্বাচনী জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি। পরবর্তীতে ৬ ফেব্রুয়ারি কক্সবাজার-৩ বা সদর, রামু ও ঈদগাহ আসনের কক্সবাজার শহরের বীর মুক্তিযোদ্ধা মাঠে বিএনপির প্রার্থী লুৎফুর রহমান কাজলের জনসভায় তিনি যোগ দেন।
এরপর ৭ ফেব্রুয়ারি কক্সবাজার-২ বা মহেশখালী ও কুতুবদিয়া আসনের মহেশখালীর নতুন বাজার মাঠে আলমগীর মুহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সালাহউদ্দিন আহমদ। প্রতিটি জনসভায় তিনি সংশ্লিষ্ট এলাকার দীর্ঘদিনের সমস্যাগুলো তুলে ধরেন এবং বিএনপি সরকার গঠন করলে সেগুলোর বাস্তবসম্মত সমাধানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি জানান যে বিএনপি ক্ষমতায় গেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র সংস্কার পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক অধিকার ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা হবে। সালাহউদ্দিন আহমদের এসব জনসভায় দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।
ছাত্রদল নেতা নাজমুল শাহেদ জানান যে তরুণ ভোটারদের মধ্যে সালাহউদ্দিন আহমদের জনপ্রিয়তা উল্লেখযোগ্য এবং তার রাজনৈতিক প্রজ্ঞা তরুণ সমাজকে আকৃষ্ট করছে। জেলা বিএনপির নেতা ইউসুফ বদরী বলেন যে সালাহউদ্দিন আহমদের ভাবমূর্তিকে কাজে লাগিয়ে জেলার চারটি আসনেই বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীরা কাজ করে যাচ্ছেন। এছাড়া কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী সমবায় কৃষি উপনিবেশ সমিতির সভাপতি সরোয়ার আলম সিকদার মন্তব্য করেন যে এলাকার উন্নয়ন ও সামাজিক স্থিতিশীলতা রক্ষায় সালাহউদ্দিন আহমদের কোনো বিকল্প নেই এবং তার মতো রাজনৈতিক ব্যক্তিত্ব কক্সবাজারে অদ্বিতীয়।
এ এম/ ৮ ফেব্রুয়ারি ২০২৬









