জাতীয়

মাগুরায় ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

 

মাগুরা, ৭ ফেব্রুয়ারি – মাগুরার পারনান্দুয়ালী এলাকায় নবগঙ্গা ব্রিজে মোটরসাইকেলের সঙ্গে ট্রাকের সংঘর্ষে বাদশা মোড়ল নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। শনিবার দুপুরে ঢাকা রোড সংলগ্ন নবগঙ্গা ব্রিজের দক্ষিণ পাশে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত পুলিশ সদস্যের বয়স হয়েছিল ২৬ বছর।

নিহত বাদশা মোড়ল মাগুরার মোহাম্মদপুর উপজেলার বাবুখালী পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন। তিনি সাতক্ষীরা জেলার আইলিয়া গ্রামের ওমর আলীর ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার তিনি মাগুরা পুলিশ লাইন থেকে রেশন সংগ্রহ করে মোটরসাইকেল যোগে কর্মস্থলে ফিরছিলেন।

পথে নবগঙ্গা ব্রিজের ওপর পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তার মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ মাগুরা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এস এম/ ৭ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language