উত্তর আমেরিকা

ওয়াশিংটন পোস্টে ছাঁটাই: চাকরি গেল ৩০০ সাংবাদিকের

ওয়াশিংটন, ৬ ফেব্রুয়ারি – মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টে বড় ধরনের জনবল ছাঁটাই হয়েছে, যার কারণে প্রায় ৩০০ সাংবাদিক চাকরি হারিয়েছেন। প্রতিষ্ঠানটির মোট ৮০০ সাংবাদিকের মধ্যে এক-তৃতীয়াংশকে ছাঁটাই করেছে মালিকপক্ষ। ২০১৩ সালে আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস যখন এই সংবাদমাধ্যমের মালিক হয়েছিলেন, তখন থেকে এটি সবচেয়ে বড় ছাঁটাইয়ের ঘটনা।

স্থানীয় সময় গত বুধবার অনেক কর্মীকে বাড়িতে থাকার নোটিশ পাঠানো হয়েছে।

অভ্যন্তরীণ দুটি সূত্রের বরাত দিয়ে জানা যায়, কোম্পানিটি তাদের প্রায় ৩০ শতাংশ কর্মী ছাঁটাই করেছে। এতে ব্যবসায়িক বিভাগসহ প্রায় ৮০০ সাংবাদিকের মধ্যে ৩০০ জনেরও বেশি বাদ পড়েছেন। বিশেষ করে আন্তর্জাতিক ডেস্ক ও স্পোর্টস ডেস্কের বহু সাংবাদিক ছাঁটাইয়ের কবলে পড়েছেন। মধ্যপ্রাচ্য, ইউরোপ, এশিয়া ও লাতিন আমেরিকাসহ বিভিন্ন অঞ্চলের শীর্ষস্থানীয় সাংবাদিক ও সম্পাদক চাকরি হারিয়েছেন।

দীর্ঘ ১২ বছর ওয়াশিংটন পোস্টে কাজ করার পর চাকরি হারিয়েছেন ভারতের কংগ্রেস সংসদ সদস্য শশী থারুরের ছেলে ঈশান থারুর। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এই খবর নিশ্চিত করেছেন। একটি খালি নিউজরুমের ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘দিনটা খুব খারাপ।’ অন্য একটি পোস্টে তিনি উল্লেখ করেছেন যে অধিকাংশ আন্তর্জাতিক কর্মীরাই ছাঁটাইয়ের আওতায় পড়েছেন এবং এই ঘটনায় তিনি অত্যন্ত মর্মাহত।

ওয়াশিংটন পোস্টের দিল্লি ব্যুরোর প্রধান প্রাণশু বর্মাকেও ছাঁটাই করা হয়েছে। তিনি গত চার বছর ধরে প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত ছিলেন।

প্রতিষ্ঠানের নির্বাহী সম্পাদক ম্যাট মারে এই পদক্ষেপকে ‘খুব কঠিন’ বলে অভিহিত করেছেন। তবে তিনি বলেছেন, পরিবর্তিত প্রযুক্তি ও পাঠকদের আগ্রহের সঙ্গে তাল মিলাতে এই সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন ছিল। মূলত আর্থিক লোকসান কমাতে মালিকপক্ষ এক ধাক্কায় এত সংখ্যক কর্মী ছাঁটাই করেছে বলে দাবি করা হচ্ছে।

এদিকে, এই গণছাঁটাইয়ের ঘটনায় মালিক জেফ বেজোসের তীব্র সমালোচনা করেছে ওয়াশিংটন পোস্ট গিল্ড। কোনো মার্কিন সংবাদমাধ্যমের ক্ষেত্রে একবারে এত বেশি সংখ্যক সাংবাদিক ছাঁটাইয়ের ঘটনা বিরল।

এনএন/ ৬ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language