ত্রয়োদশ সংসদ নির্বাচন: আজ ইশতেহার ঘোষণা করবে বিএনপি

ঢাকা, ৬ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ বিকেলে নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি। দলের চেয়ারম্যান তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই ইশতেহার তুলে ধরবেন।
শুক্রবার বিকেল ৩টা ৩০ মিনিটে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই ঘোষণা দেওয়া হবে।
ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।
দলীয় সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনী ইশতেহারে বিএনপির ঘোষিত ৩১ দফা, জুলাই সনদ এবং তরুণ ভোটারদের আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। জনমুখী ও জীবনঘনিষ্ঠ সেবা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড ও কৃষক কার্ডের মতো বিষয়গুলো ইশতেহারে বিশেষভাবে স্থান পাবে।
এছাড়া গণতন্ত্র পুনরুদ্ধার, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণ, প্রশাসনের বিকেন্দ্রীকরণ, মানবাধিকার রক্ষা এবং দুর্নীতিবিরোধী কাঠামো শক্তিশালীকরণের বিষয়ে গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি থাকবে।
একই সঙ্গে অর্থনীতি ও পররাষ্ট্রনীতির ক্ষেত্রেও বিশেষ দিকনির্দেশনা তুলে ধরা হবে। আলেম ওলামা, সংখ্যালঘু সম্প্রদায় ও কৃষকদের জন্য বিশেষ অগ্রাধিকারের বিষয়গুলোও ইশতেহারে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এই আয়োজনে দেশের বিশিষ্ট নাগরিকদের পাশাপাশি ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের উপস্থিত থাকার কথা রয়েছে।
এনএন/ ৬ ফেব্রুয়ারি ২০২৬









