তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের ৩২তম বিবাহবার্ষিকী আজ

সিলেট, ৩ ফেব্রুয়ারি – আজ ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের ৩২তম বিবাহবার্ষিকী। ১৯৯৪ সালের এই দিনে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এবং নানা চড়াই উতরাই ও সংগ্রাম পেরিয়ে দীর্ঘ ৩২টি বছর একসঙ্গে অতিবাহিত করেছেন।
জুবাইদা রহমানের পৈতৃক নিবাস সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে এবং তিনি ১৯৭২ সালের ১৮ জুন জন্মগ্রহণ করেন। তিনি সাবেক নৌবাহিনী প্রধান এবং সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কন্যা। ডা. জুবাইদা রহমান বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এমএজি ওসমানীর ভাতিজি এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক সেক্রেটারি জেনারেল আইরিন খানের চাচাতো বোন।
রাজনৈতিক পরিবারের সদস্য হওয়ার বাইরেও তিনি নিজেকে মেধার স্বাক্ষর রেখে একজন স্বতন্ত্র ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। নব্বইয়ের দশকের শুরুতে তিনি ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হন এবং কে ৪৭ ব্যাচের শিক্ষার্থী হিসেবে ১৯৯৫ সালে সফলতার সাথে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। মেধার স্বীকৃতিস্বরূপ তিনি ২১তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে প্রথম স্থান অধিকার করে সরকারি চাকরিতে যোগদান করেছিলেন। পরবর্তীতে ২০০৮ সালে তারেক রহমানের চিকিৎসার জন্য সপরিবারে লন্ডন গমনের পর সেখানেও তিনি উচ্চশিক্ষা অব্যাহত রাখেন।
ডা. জুবাইদা ২০০৯ ১০ সেশনে লন্ডনের বিশ্বখ্যাত ইম্পেরিয়াল কলেজে কার্ডিওভাস্কুলার সায়েন্সে ভর্তি হন এবং ২০১১ সালে এমএসসি সম্পন্ন করেন। সেখানে তিনি কঠোর প্রতিযোগিতামূলক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে স্বর্ণপদক অর্জনের গৌরব অর্জন করেন। বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের কাছে তার এই উচ্চশিক্ষা এবং ব্যক্তিগত ভাবমূর্তি তাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।
এস এ এস/ ৩ ফেব্রুয়ারি ২০২৬









