জাতীয়

দেশের বাজারে স্বর্ণের বিশাল দরপতন, ভরিতে কমল ৬৫৯০ টাকা

 

ঢাকা, ২ ফেব্রুয়ারি – দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস। এবার প্রতি ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা কমিয়ে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে বাজুস, যা আজ সকাল ১০টা ৪৫ মিনিট থেকেই কার্যকর হয়েছে।

স্থানীয় বাজারে তেজাবী সোনা বা পাকা সোনার দাম কমার পরিপ্রেক্ষিতে এই মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। এর আগে গতকাল রোববার রাতেও এক দফা দাম কমিয়ে আজ থেকে কার্যকর করার ঘোষণা দেওয়া হয়েছিল, যেখানে ভালো মানের এক ভরি সোনার দাম ১ হাজার ৯২৫ টাকা কমানো হয়েছিল।

রাতের সেই সিদ্ধান্তের পর সকাল হতেই আবারও বড় ধরনের দরপতনের ঘোষণা এল। নতুন নির্ধারিত মূল্যতালিকা অনুযায়ী, দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৩৯ হাজার ৭৫৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫ হাজার ৫২০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৮ হাজার ১৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশের বাজারে ২১ বারের মতো স্বর্ণের দাম সমন্বয় করা হলো, যার মধ্যে ১৪ বার দাম বাড়ানো হয়েছে এবং কমানো হয়েছে ৭ বার।

স্বর্ণের দাম উল্লেখযোগ্য হারে কমানো হলেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। গত ৩১ জানুয়ারি সকালে নির্ধারিত দাম অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৭ হাজার ২৯০ টাকায়। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৬ হাজার ৯৪০ টাকা ও ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৯৪৯ টাকায় বিক্রি হচ্ছে এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম রয়েছে ৪ হাজার ৪৩২ টাকা। চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৪ দফা রুপার দাম সমন্বয় করা হয়েছে।

এস এ এস/ ২ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language