আওয়ামী লীগের রেখে যাওয়া টাকায় নির্বাচন করছে একটি দল : নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকা-৮ আসন, ৩০ জানুয়ারি – একটি দল আওয়ামী লীগের রেখে যাওয়া টাকা নির্বাচনে খরচ করছে বলে মন্তব্য করেছেন ঢাকা-৮ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি অভিযোগ করেন যে একটি পরিবার বাংলাদেশের সংস্কার কার্যক্রম নস্যাৎ করে দিয়েছে। শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায় শেষে নির্বাচনী প্রচারণা চালানোর সময়
গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। নির্বাচনে কালো টাকার প্রভাব নিয়ে অভিযোগ তুলে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের শেয়ার বাজার ও ব্যাংক লুটপাট করে বিভিন্ন জায়গায় নগদ টাকা রেখে গিয়েছিল। অন্য একটি দল আওয়ামী লীগের রেখে যাওয়া সেই সম্পত্তি ও টাকা দখল করেছে এবং এই নির্বাচনে তা খরচ করছে। গণমাধ্যমে এক সেকেন্ডের বাইটের পরেই ধানের শীষে ভোট চাওয়ার বিজ্ঞাপন প্রচার হচ্ছে উল্লেখ করে তিনি দাবি করেন, মিডিয়াগুলোকে ক্রয় করা হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, গত এক বছরে চাঁদাবাজি, কালোবাজারি, জুয়া ও সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে অর্জিত অর্থ এবং আওয়ামী লীগের রেখে যাওয়া টাকা দিয়ে ঢাকা-১৭ আসনের কড়াইল বস্তিসহ বিভিন্ন স্থানে ভোট কেনার চেষ্টা চলছে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এই মুখ্য সমন্বয়ক স্পষ্ট করেন যে ১১ দলীয় জোটের সঙ্গে দুর্নীতি, চাঁদাবাজি বা কালো টাকার কোনো সম্পর্ক নেই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে প্রতিযোগিতা হচ্ছে না বরং অসম খেলা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, একজন ভালো মানুষের সঙ্গে বিতর্ক করা বা কথা বলাকে প্রতিযোগিতা বলা যায়, কিন্তু বর্তমান পরিস্থিতি তেমন নয়। একদিকে পিস্তল ও সন্ত্রাসী বাহিনী এবং অন্যদিকে সাধারণ মানুষ ও মুখের কথা, এটি কোনো সমান প্রতিদ্বন্দ্বিতা হতে পারে না। লেভেল প্লেয়িং ফিল্ড নেই উল্লেখ করে তিনি বলেন, স্কুল-কলেজ কমিটিগুলো পকেটস্থ করা হয়েছে এবং টাকার জোরে সবকিছু নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। তবে জনগণের ঐক্যের ওপর আস্থা রেখে তিনি বলেন, জনগণ মাঠে নামলে সন্ত্রাসীরা পালানোর জায়গা পাবে না।
৫ আগস্টের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, অনেকে ভেবেছিলেন ক্ষমতায় চলে এসেছেন, কিন্তু মানুষকে নির্যাতন বা চাঁদাবাজি করে ক্ষমতা পাওয়া মামার বাড়ির আবদার নয়। নাম উল্লেখ না করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও করেন তিনি। তিনি বলেন, আচরণবিধি অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক বিলবোর্ড লাগানোর নিয়ম থাকলেও ঢাকা-৮ আসনে অসংখ্য রঙিন বিলবোর্ড লাগানো হয়েছে এবং সরকারি কর্মকর্তাদের নিয়ে সভা করা হচ্ছে, যা নিষিদ্ধ।
নির্বাচিত হলে ঢাকা-৮ আসনকে শিক্ষার্থীদের জন্য স্বর্গরাজ্যে পরিণত করার প্রতিশ্রুতি দেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা, ভালো খাবার ও আবাসন নিশ্চিত করা হবে এবং স্কুল-কলেজে ভর্তি বাণিজ্য বন্ধ করা হবে। এছাড়া পুঁজি বাজার কেলেঙ্কারিতে জড়িতদের বিচারের আশ্বাস দেন তিনি। রমনা ও শাহজাহানপুর এলাকার নাগরিক সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, বেদখল হওয়া সরকারি জায়গা উদ্ধার করে শিশুদের খেলার মাঠ ও বড়দের জন্য পার্ক নির্মাণ করা হবে। কাঁচাবাজারগুলোকে সুশৃঙ্খল করা, পলাশী মার্কেটের মতো বহুতল ভবন নির্মাণ, নারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যানজট ও দূষণ রোধে কাজ করার কথাও জানান তিনি।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবি জানিয়ে তিনি বলেন, ওসমান হাদিকে হত্যার পেছনে দেশি-বিদেশি ষড়যন্ত্র ছিল বলে এর বিচার হচ্ছে না। বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত বিচার সম্পন্ন করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ১১ দলীয় জোট ক্ষমতায় গেলে শহীদ ওসমান হাদির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করাই হবে তাদের অন্যতম প্রধান এজেন্ডা।
এস এ এস / ৩০ জানুয়ারি ২০২৬









