আইন-আদালত

শরীফ ওসমান হাদি হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়ল ৩ ফেব্রুয়ারি পর্যন্ত

ঢাকা, ২৯ জানুয়ারি – ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়িয়েছেন আদালত। তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল।তবে তদন্তকারী সংস্থা ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা বা ডিবি এদিন প্রতিবেদন দাখিল করতে পারেনি। এর পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনায়েদ প্রতিবেদন জমার জন্য নতুন তারিখ ধার্য করেন। আদালতে দায়িত্বরত পুলিশের একজন কর্মকর্তা এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে গত ২৫ জানুয়ারি আদালত আজকের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিল।

গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় প্রচারণা চালানোর সময় শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন। পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয় এবং সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। এই ঘটনার জেরে ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বাদী হয়ে পল্টন থানায় প্রথমে হত্যাচেষ্টা মামলা করেন যা পরে হত্যা মামলায় রূপান্তরিত হয়। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক ফয়সাল আহমেদ চলতি বছরের ৬ জানুয়ারি মামলার প্রধান আসামিসহ অন্যদের অভিযুক্ত করে আদালতে নথিপত্র পেশ করেছিলেন।

এস এ এস / ২৯ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language