জাতীয়

‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গড়ে তুলতে কাজ করছে সরকার

সিলেট, ১৭ জানুয়ারি – ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালানো রাষ্ট্রের দায়িত্ব—এমন মন্তব্য করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, সংবিধান, উচ্চকক্ষ বা নিম্নকক্ষের বিষয় নয়, বরং গণভোট নাগরিকের দৈনন্দিন জীবনে কী প্রভাব ফেলবে, সেটাই মানুষকে বোঝাতে হবে। তিনি বলেন, এসব বিষয় সামনে রেখে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গড়ে তুলতে সরকার কাজ করছে।

গতকাল সিলেটে জেলা ও বিভাগীয় পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে গণভোট নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, যারা নির্বাচন চায় না, তারা সর্বোচ্চ চেষ্টা করবে যেন নির্বাচন না হয়। তাই জনগণকে যত বেশি যুক্ত করা যাবে, তত বেশি অশুভ শক্তি ও নির্বাচনবিরোধী শক্তি পরাজিত হবে।

তিনি আরও বলেন, এখন থেকেই গুজব ছড়ানো শুরু হয়েছে। যখনই কোনো গুজব কানে আসবে, তখনই সেটি যে ভুল, তা তাৎক্ষণিকভাবে তুলে ধরতে হবে। যেসব ভুল তথ্য ছড়ানো হচ্ছে, সেগুলো ভুল—এ কথা প্রচার করতে হবে। এতে মানুষ সত্য জানতে পারবে এবং স্বস্তি পাবে।

নূরজাহান বেগম বলেন, যত বেশি মানুষ অংশগ্রহণ করবে, অশুভ শক্তি তত বেশি পেছনে যেতে বাধ্য হবে। অশুভ শক্তিকে সামনে এগোতে দেওয়া যাবে না। তারা সামনে এলে তাণ্ডব চালাবে, তাই এ ক্ষেত্রে ভয় পাওয়ার কোনো সুযোগ নেই।

তিনি জানান, ১২ জানুয়ারির নির্বাচনে অতীতের যেকোনো সময়ের তুলনায় ভোট কাস্টিং বেশি হতে পারে। তিনি বলেন, আমরা রেকর্ড সৃষ্টি করবো। গণভোটে আমরা ‘হ্যাঁ’ ভোট দেবো। ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন আয়োজন করতে চাই এবং ইনশাল্লাহ আমরা তা পারবো।

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমানসহ সিলেটের জেলা ও বিভাগীয় পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এনএন/ ১৭ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language