নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ

নারায়ণগঞ্জ, ১১ জানুায়রি – নারায়ণগঞ্জের একটি সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় অন্তত আটজন শ্রমিক দগ্ধ হয়েছেন। আহতদের রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে বন্দর উপজেলার কদমরসুল এলাকায় অবস্থিত আকিজ সিমেন্ট কারখানার বয়লার কক্ষে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ বিষয়টি নিশ্চিত করে জানান, বিস্ফোরণের তীব্রতায় কারখানা ভবনের কয়েকটি কক্ষের কাচের প্রাচীর ভেঙে যায়। এ সময় বয়লার কক্ষে কর্মরত আটজন শ্রমিক আগুনে দগ্ধ হন এবং ভাঙা কাচের আঘাত পান।
তিনি আরও জানান, আহতদের শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। প্রাথমিকভাবে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।
এ বিষয়ে জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, আকিজ সিমেন্ট কারখানার আটজন দগ্ধ শ্রমিককে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। তাদের দগ্ধের মাত্রা এখনো নিরূপণ করা হয়নি। পরে বিস্তারিত জানানো হবে।
এদিকে, বিস্ফোরণের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
এনএন/ ১১ জানুয়ারি ২০২৬








