আইন-আদালত

সুপ্রিম কোর্ট নিয়ে মিথ্যা খবর প্রকাশ করলে আদালত অবমাননার দায় নিতে হবে

ঢাকা, ০৫ জানুয়ারি – ভবিষ্যতে সুপ্রিম কোর্ট নিয়ে কোনো মিথ্যা, বিভ্রান্তিকর বা অসত্য সংবাদ প্রকাশ বা প্রচার করা হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আদালত অবমাননাকর কর্মকাণ্ডের দায় আইন অনুযায়ী নিতে হবে বলে সতর্ক করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

সোমবার (৫ জানুয়ারি) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সতর্কতা জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্ট সংক্রান্ত কোনো সংবাদ প্রকাশ বা প্রচারের আগে গণমাধ্যমকর্মীদের সুপ্রিম কোর্টের মিডিয়া ফোকাল পার্সন অথবা রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় থেকে সংশ্লিষ্ট সংবাদের বস্তুনিষ্ঠতা ও সত্যতা যাচাই করার জন্য নির্দেশ দেওয়া হলো। ভবিষ্যতে সুপ্রিম কোর্ট সংক্রান্ত কোনো মিথ্যা, বিভ্রান্তিকর বা অসত্য সংবাদ প্রকাশ বা প্রচার করা হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এ ধরনের আদালত অবমাননাকর কর্মকাণ্ডের জন্য আইনানুগভাবে দায় নিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে এমন ভুল সংবাদ প্রকাশ হয়েছে যে, জ্যেষ্ঠতা লঙ্ঘন করে প্রধান বিচারপতি নিয়োগ দেওয়ায় আপিল বিভাগের একজন জ্যেষ্ঠ বিচারপতি এবং বেঞ্চ না দেওয়ায় হাইকোর্ট বিভাগের একজন বিচারপতি ছুটিতে গিয়েছেন। এই ধরনের সংবাদ টিভি স্ক্রলসহ বিভিন্ন মাধ্যমে প্রচারিত হয়েছে, যা সম্পূর্ণভাবে অসত্য, বিভ্রান্তিকর এবং অত্যন্ত দুঃখজনক। এ ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ দেশের সর্বোচ্চ আদালত সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে ভুল ধারণা সৃষ্টি করে এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের মর্যাদা ও ভাবমূর্তি ক্ষুণ্ন করে। পাশাপাশি, দেশের সর্বোচ্চ আদালত সম্পর্কে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করা আদালত অবমাননার শামিল। অথচ সুপ্রিম কোর্ট সংক্রান্ত কোনো সংবাদ প্রকাশ বা প্রচারের আগে যদি সংশ্লিষ্ট গণমাধ্যমকর্মীরা সুপ্রিম কোর্ট রেজিস্ট্রি থেকে সংবাদের সত্যতা যাচাই করতেন, তাহলে এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হতো না।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম তার মায়ের অসুস্থতার কারণে ছুটি নিয়েছেন এবং হাইকোর্ট বিভাগের বিচারপতি ফরিদ আহমেদ অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি থাকায় সাময়িকভাবে বিচারকার্যে অংশ নিতে পারছেন না। এসব বিষয়ের সঙ্গে গণমাধ্যমে প্রচারিত সংবাদের কোনো সম্পর্ক নেই।

এনএন/ ০৫ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language