শিক্ষা

৭ কলেজের খসড়া অধ্যাদেশ নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠক আজ

ঢাকা, ২৪ ডিসেম্বর – রাজধানীর সরকারি সাতটি কলেজকে একীভূত করে নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত খসড়া অধ্যাদেশ নিয়ে আজ বৈঠকে বসছে শিক্ষা মন্ত্রণালয়। প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনে অধ্যাদেশের কাঠামো, একাডেমিক ব্যবস্থাপনা ও শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এ বৈঠকে আলোচনার কথা রয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়টির প্রশাসনিক কাঠামো, একাডেমিক কার্যক্রম ও শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্ব দিয়ে আজকের বৈঠকে পর্যালোচনা করা হবে।

অন্যদিকে খসড়া অধ্যাদেশ প্রণয়নের সঙ্গে যুক্ত এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির খসড়া অধ্যাদেশ প্রস্তুতের কাজ সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এগিয়ে নেওয়া হচ্ছে। অংশীজনদের কাছ থেকে পাওয়া মতামতগুলো যাচাই-বাছাই করে অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে।

ওই কর্মকর্তা আরও জানান, শিক্ষার্থীরা যেন একটি সুন্দর ও অনুকূল শিক্ষাবান্ধব পরিবেশে পড়াশোনা করতে পারেন, সে বিষয়টি সামনে রেখেই অধ্যাদেশ প্রণয়ন করা হচ্ছে। তবে এ ক্ষেত্রে তাড়াহুড়া না করে ধাপে ধাপে কাজ করা হচ্ছে।

প্রসঙ্গত, রাজধানীর সাত সরকারি কলেজকে একীভূত করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে নতুন একটি স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। সাতটি সরকারি কলেজ হচ্ছে— ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাংলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ। এর আগে এসব প্রতিষ্ঠানের স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির সার্বিক কার্যক্রম জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পরিচালিত হতো। পরে এই দায়িত্ব পেয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। তবে সবশেষ গত ১২ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তিও প্রত্যাহার করা হয়েছে৷

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২৪ ডিসেম্বর ২০২৫


Back to top button
🌐 Read in Your Language