কুমিল্লা

ভ্যাকসিন নিয়েও স্বার্থান্বেষী মহল প্রোপাগান্ডা ছড়াচ্ছে : কুমিল্লা সেনানিবাসের জিওসি

কুমিল্লা, ০৮ ফেব্রুয়ারি – করোনা ভ্যাকসিন নিয়ে একটা আশঙ্কার কথা ছড়ানো হচ্ছে। এটা একটা প্রোপাগান্ডা। স্বার্থান্বেষী মহল যারা দেশের অরাজকতা সৃষ্টি করতে চায়, যারা মানুষের মধ্যে দ্বিধা-বিভ্রান্তি সৃষ্টি করতে চায় তারাই টিকা নিয়ে বিভ্রান্তিমূলক প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এগুলো সবই অপপ্রচার।

আমাদের সৈনিকরা কখনো ভয় পায় না। আমাদের সর্বদা দেশের স্বার্থ রক্ষায় প্রস্তুত থাকতে হবে।

রবিবার দুপুরে কুমিল্লা সেনানিবাসের অলিপুর সৈনিক ক্লাবে করোনা ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. জাহাঙ্গীর হারুন, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি এসব কথা বলেন।

আরও পড়ুন : নির্বাচনী উঠান বৈঠকে গুলি, আহত ৫

বক্তব্য শেষে জিওসি প্রথমে করোনা ভ্যাকসিন গ্রহণ করেন। পরে কর্নেল স্টাফ করোনা ভ্যাকসিন নেন।

উদ্বোধনী অনুষ্ঠানে কুমিল্লা সেনানিবাসের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ, সিভিল সার্জন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এ করোনা ভ্যাকসিন কার্যক্রম সফল করার জন্য গত ৪ ফেব্রুয়ারি কুমিল্লা সেনানিবাসের সকল ইউনিটের প্রতিনিধিদের নিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

এছাড়াও সঠিকভাবে ভ্যাকসিন দেওয়ার জন্য কুমিল্লা সেনানিবাসের চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্টদের গত ৩ ফেব্রুয়ারি প্রশিক্ষণ দেওয়া হয়। কুমিল্লা সেনানিবাসের সব সেনা সদস্যকে পর্যায়ক্রমে এ রেজিস্ট্রেশন ও করোনা ভ্যাকসিন কার্যক্রমের আওতায় নিয়ে আসা হবে বলে জানানো হয়।

সূত্র : বাংলা ট্রিবিউন
এন এইচ, ০৮ ফেব্রুয়ারি


Back to top button
🌐 Read in Your Language