ভাষা আন্দোলন শুরুর গল্প নিয়ে আসছে ‘মুজিব’এর অষ্টম খণ্ড

ঢাকা, ০৭ ফেব্রুয়ারি – ভাষার মাস ফেব্রুয়ারিতে প্রকাশিত হচ্ছে গ্রাফিক নভেল ‘মুজিব’এর অষ্টম খণ্ড, যেখানে বাঙালির ভাষা আন্দোলন আর তাতে জাতির জনকের ভূমিকা প্রাধান্য পাবে।
রোববার সন্ধ্যায় এক ওয়েবিনারে গ্রাফিক নভেল ‘মুজিব’-এর অষ্টম পর্বের মোড়ক উন্মোচন করা হবে বলে আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) পক্ষ থেকে জানানো হয়েছে।
বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী প্রকাশের পর শিশু-কিশোর ও তরুণদের কাছে তার ঘটনাবহুল জীবন নতুন রূপে তুলে ধরার জন্য বইটিকে গ্রাফিক নভেলের রূপ দেওয়ার উদ্যোগ নেন বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক।
আরও পড়ুন : কলকাতা ছায়ানটের ভিন্ন আয়োজনে নজরুলের কনিষ্ঠ পুত্রবধূ কল্যাণী কাজী
বিশ্বের বিভিন্ন দেশে বিখ্যাত ব্যক্তিদের নিয়ে গ্রাফিক নভেল হলেও বাংলাদেশে এ ধরনের উদ্যোগ এটাই প্রথম। ২০১৫ সালের ১৭ মার্চ গ্রাফিক নভেল মুজিবের প্রথম পর্ব প্রকাশিত হয়। এরপর থেকে সিআরআইয়ের উদ্যোগে এর বিভিন্ন পর্ব প্রকাশিত হয়ে আসছে।
সিআরআই জানিয়েছে, রোববার সন্ধ্যা ৭টায় সিআরআই ও ইয়াং বাংলার ফেসবুক পেইজে ওয়েবিনার শুরু হবে। কথা সাহিত্যিক মুহম্মদ জাফর ইকবাল, লেখক ও ‘সার্ভাইভিং৭১’-এর পরিচালক ওয়াহিদ ইবনে রেজা, গ্রাফিক নভেল মুজিবের কার্টুনিস্ট সৈয়দ রাশাদ ইমাম তন্ময় এবং সংগীতশিল্পী কারিশমা সানু সভ্যতা মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। সঞ্চালনা করবেন শিবু কুমার শীল।
সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ০৭ ফেব্রুয়ারি









