বিচিত্রতা

কুকুরের বুদ্ধিমত্তায় বাঁচল হৃদরোগে আক্রান্ত মনিবের প্রাণ

কুকুর এমন একটি প্রাণী যা মানুষের উপকার সবসময় করে আসছে আর কথায় আছে কুকুর মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু। তেমনি হৃদরোগে আক্রান্ত মনিবের প্রাণ বাঁচিয়ে, সে কথাই আবার প্রমাণ করল সাদি নামে একটি জার্মান শেপার্ড। জানা গেছে, নিউ জার্সির বাসিন্দা ব্রায়ান নামে এক ব্যক্তি সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। সে সময় ত্রাতা হয়ে দেখা দেয় তার পোষ্যই। মনিবের জীবন বাঁচায় সে। হৃদরোগে আক্রান্ত হওয়ার পর ব্রায়ান যাতে অচেতন হয়ে না পড়েন, সে জন্য তার হাত-মুখ চাটতে থাকে সাদি। এরপর তাকে টেনেহিঁচড়ে ফোনের কাছেও নিয়ে যায় সে। সাদির এই সাহায্যের পরই চিকিৎসকদের ফোন করতে সক্ষম হন ব্রায়ান।

তবে সাদি কিন্তু ছোট থেকেই ব্রায়ানের সঙ্গে ছিল না, বরং আগের মালিক ছেড়ে দেওয়ার পর ছয় বছর বয়সী সাদির জায়গা হয়েছিল একটি শেলটার হোমে। সে সময় কোনও অপরিচিতকেই নিজের কাছে ঘেঁষতে দিত না সে। কারণ আগের মালিক ছেড়ে দেওয়ায় খুবই শোকাহত হয়েছিল সাদি। এমনকি চিকিৎসকরা জানিয়েও দেন কোনও পুরুষ মনিবের সঙ্গে থাকতে পারবে না সাদি।

কিন্তু কয়েক মাস আগে ব্রায়ানের সঙ্গে দেখা হওয়ার পরই বদলে যায় সাদির মন। যে কুকুর কাউকে কাছে ঘেঁষতে দিত না, সেই কি না ব্রায়ানের সঙ্গে খেলায় মেতে থাকতে শুরু করে। শেষপর্যন্ত সাদিকে দত্তক নেন ব্রায়ান। নিয়ে আসেন বাড়িতে। এরপর থেকে তার সঙ্গে থাকতে শুরু করে ওই জার্মান শেপার্ডটি।

সূত্র: বিডি২৪লাইভ
এন এ/ ০৫ ফেব্রুয়ারি


Back to top button
🌐 Read in Your Language