টেকনাফে কোস্টগার্ড-পুলিশের যৌথ অভিযান, অস্ত্র-মাদকসহ অপহৃত যুবক উদ্ধার

কক্সবাজার, ০৬ জুলাই – টেকনাফে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, মাদক জব্দ এবং ১ জন অপহৃত যুবক উদ্ধার করা হয়েছে।
রবিবার সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, টেকনাফ থানাধীন জাদিমুরা সংলগ্ন পাহাড়ি এলাকায় একদল সশস্ত্র ডাকাত অস্ত্রসহ অবস্থান করছে। গত ৫ জুলাই মধ্যরাতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও পুলিশের যৌথ বাহিনী অভিযানে গেলে ডাকাতরা এলোপাতাড়ি গুলি ছোড়ে। আত্মরক্ষায় যৌথ বাহিনী ফাঁকা গুলি চালালে ডাকাতরা গহীন পাহাড়ে পালিয়ে যায়।
পরে একটি আস্তানায় তল্লাশি চালিয়ে ১টি জি-৩ রাইফেল, ২টি বিদেশি পিস্তল, ৩টি একনলা দেশীয় আগ্নেয়াস্ত্র, ৩১০০ রাউন্ড রাইফেলের গুলি, ১৪ রাউন্ড পিস্তলের গুলি, ১ কেজি আইস ও ৪ লিটার দেশি মদ জব্দ করা হয়। উদ্ধার করা হয় অপহৃত ১ জনকে।
জব্দকৃত সব সরঞ্জাম আইনি প্রক্রিয়ায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত রাখতে কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল দিচ্ছে। অবৈধ অস্ত্র ও মাদক রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ০৬ জুলাই ২০২৫









