জাতীয়

রিমান্ড শেষে কারাগারে সুব্রত বাইন

ঢাকা, ০৫ জুন – রাজধানীর হাতিরঝিল থানার অস্ত্র আইনের মামলায় গ্রেফতার শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৫ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার উপ-পরিদর্শক রিয়াদ আহমেদ আট দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। সুব্রত বাইনের পক্ষে তার আইনজীবী বাদল মিয়া জামিন চেয়ে আবেদন করেন।

আদালতে হাতিরঝিল থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মোকছেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

গত ২৮ মে তার আট দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওই দিন আরেক শীর্ষ সন্ত্রাসী আবু রাসেল মাসুদ ওরফে মোল্লা মাসুদ, আরাফাত ইবনে নাসির ওরফে শ্যুটার আরাফাত এবং এম এ এস শরীফের ছয় দিনের রিমান্ড মঞ্জুর হয়। মঙ্গলবার রিমান্ড শেষে এ তিনজনকে কারাগারে পাঠানো হয়।

গত ২৭ মে আনুমানিক ভোর ৫টায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে কুষ্টিয়া জেলা থেকে শীর্ষ তালিকাভুক্ত সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে ফতেহ আলী ও তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ ওরফে আবু রাসেল মাসুদকে গ্রেফতার করা হয়। পরবর্তী সময়ে তাদের তথ্যের ভিত্তিতে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে গ্রেফতার করা হয় সুব্রত বাইনের দুই সহযোগী শ্যুটার আরাফাত ও শরীফকে।

অভিযানের সময় তাদের কাছ থেকে পাঁচটি বিদেশি পিস্তল, ১০টি ম্যাগাজিন, ৫৩টি গুলি এবং একটি স্যাটেলাইট ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় ২৮ মে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে হাতিরঝিল থানায় মামলা দায়ের করা হয়।

সূত্র: বার্তা২৪.কম
আইএ/ ০৫ জুন ২০২৫


Back to top button
🌐 Read in Your Language