চট্টগ্রাম

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় কেএনএফ নেতার মৃত্যু

চট্টগ্রাম, ১৫ মে – চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) নেতা লাল পেলেং কিং বম (২৭) মারা গেছেন। কারা কর্তৃপক্ষ বলছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) সকালে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লাল পেলেং কিং বম বান্দরবানের রুমা উপজেলার বেথেল পাড়ার বাসিন্দা। গত বছরের ২৬ জুন থেকে তিনি চট্টগ্রাম কারাগারে বন্দি ছিলেন।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন বলেন, সকালে ঘুম থেকে উঠে হঠাৎ চিৎকার শুরু করেন লাল পেলেং। এরপর তিনি খিঁচুনিতে আক্রান্ত হন। দ্রুত তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। পরে চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকদের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ১৫ মে ২০২৫


Back to top button
🌐 Read in Your Language