এশিয়া

চীনে পর্যটকবাহী ৪ নৌকা ডুবে ৯ জনের মৃত্যু, নিখোঁজ ১

বেইজিং, ০৫ মে – চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুইঝৌ প্রদেশের একটি নদীতে হঠাৎ তীব্র বাতাসে পর্যটকবাহী চারটি নৌকা ডুবে গেছে। এতে এখন পর্যন্ত নয়জনের মৃত্যু হয়েছে এবং আরও একজন পর্যটক নিখোঁজ রয়েছেন। তার খোঁজে এখনও চলছে উদ্ধার তৎপরতা।

রোববার চিয়ানশি শহরের নিকটবর্তী লিউচং নদীতে এই দুর্ঘটনা ঘটে। রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, নদীতে পড়ে যাওয়া ৮৪ জনের মধ্যে ৭৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তারা সবাই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চীনের বেইজিং নিউজ জানিয়েছে, দুর্ঘটনার সময় হঠাৎ আবহাওয়া বদলে যায়, শুরু হয় ভারি বৃষ্টি ও তীব্র বাতাস। নদীর উপরিভাগ ঘন কুয়াশায় ঢেকে যায়, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

চীনের আবহাওয়া বিভাগ পূর্বেই গুইঝৌসহ দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছিল।

এই ঘটনার পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাৎক্ষণিকভাবে প্রাদেশিক প্রশাসনকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা ও পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রমে নিয়োজিত করা হয়েছে প্রায় ৫০০ জন উদ্ধারকর্মী।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এখনও নিখোঁজ থাকা পর্যটকের সন্ধানে তল্লাশি অব্যাহত রয়েছে। স্থানীয় হাসপাতালগুলোতে চিকিৎসাধীনদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সূত্র: কালবেলা
আইএ/ ০৫ মে ২০২৫


Back to top button
🌐 Read in Your Language