দক্ষিণ এশিয়া

পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র থেকে সামরিক সরঞ্জাম কিনছে ভারত

নয়াদিল্লি, ০৩ মে – চিরবৈরী প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনার চলাকালীন সময়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ১৩ কোটি ১০ লাখ ডলার মূল্যের সামরিক সরঞ্জাম কিনছে ভারত। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে এ সংক্রান্ত একটি প্রস্তাবে অনুমোদনও দিয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালের (এএনআই)।

শনিবার (৩ মে) সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রদান করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিজেদের নৌবাহিনীর জন্য সি-ভিশন সফটও্যার ও এর সঙ্গে আণুষাঙ্গিক বিভিন্ন সরঞ্জাম কিনতে চায় ভারত।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, কৌশলগত ঐক্যের অংশ হিসেবে ভারতের কাছে ইন্দো-প্যাসিফিক মেরিটাইম ডোমেইন অ্যাওয়্যারনেস সফটওয়্যার (সি-ভিশন) এবং আনুষাঙ্গিক উপকরণ বিক্রয় সংক্রান্ত একটি প্রস্তাবের অনুমোদন দিয়েছে পররাষ্ট্র দপ্তর। এই প্যাকেজে মূল্য ১৩ কোটি ১০ লাখ ডলার।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এই সফটওয়্যার ভারতকে তার সমুদ্রসীমায় বর্তমান ও ভবিষ্যৎ হুমকি মোকাবিলার জন্য সহায়ক হবে। ভারতের নৌবাহিনীর সচেতনতা, বিশ্লেষণ ক্ষমতা এবং কৌশলগত অবস্থান আরও শক্তিশালী করার ক্ষেত্রেও ভূমিকা রাখতে পারবে সি-ভিশন সফটওয়্যার। নিজেদের সামরিক বহরে সি-ভিশন এবং এর আণুষাঙ্গিক উপকরণকে যুক্ত করতে ভারতকে কোনো সমস্যা পোহাতে হবে না এবং এই সফটওয়্যার দক্ষিণ এশিয়ার মৌলিক সামরিক ভারসাম্যের ক্ষেত্রে কোনো পরিবর্তন ঘটাবে না।

এর আগে, গত ২২ এপ্রিল ভারতের জম্মু ও কাশ্মিরের অনন্তনাগ জেলার পেহেলগামে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে গত ১১ দিন ধরে উত্তেজনার মধ্যে আন্তর্জাতিক রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষকদের আশঙ্কা, যে কোনো সময় পরমাণু অস্ত্রধারী এ দু’দেশের মধ্যে যুদ্ধ বেঁধে যেতে পারে। এ জন্যই যুক্তরাষ্ট্রের কাছ থেকে ভারত সামরিক সরঞ্জাম কিনছে বলেও এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালের (এএনআই) প্রতিবেদনে দাবি করা হয়।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ০৩ মে ২০২৫


Back to top button
🌐 Read in Your Language