আগ বাড়িয়ে উসকানিমূলক পদক্ষেপ নেবে না পাকিস্তান

ইসলামবাদ, ০১ মে – পাকিস্তান কোনো উত্তেজনা বাড়ানোর পদক্ষেপ নেবে না, তবে ভারত উসকানি দিলে তার দাঁতভাঙা জবাব দেবে বলে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
বুধবার (৩০ এপ্রিল) ইসলামাবাদে ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনসের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকাত আলী খানের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
ইসহাক দার বলেন, পেহেলগাম হামলার পর ভারতের উসকানি সমগ্র অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে। বিশ্বনেতারা সাম্প্রতিক দিনগুলোতে সংযমী হওয়ার অনুরোধ করে আসছেন। আমি সরকার এবং জাতির পক্ষ থেকে স্পষ্ট করে দিয়েছি, উত্তেজনা বাড়ে আগেই এমন কোনো পদক্ষেপ পাকিস্তান নেবে না। তবে ভারতের পক্ষ থেকে যেকোনো পদক্ষেপ নিলে আমরা শক্তিশালী জবাব দেব।
তিনি বলেন, আমি আবারও বলতে চাই, পাকিস্তান সন্ত্রাসবাদের নিন্দা করে। কোনো কারণ বা উদ্দেশ্যে নিরীহ মানুষের জীবন কেড়ে নেওয়া আমাদের জাতীয় ও ইসলামিক নীতির বিরোধী। কোরআন অনুযায়ী একজন মানুষকে হত্যা করা সমগ্র মানবজাতিকে হত্যা করার সমতুল্য এবং একটি জীবন বাঁচানো সমগ্র মানবজাতিকে বাঁচানোর সমতুল্য।
ইসহাক বলেন, নিরীহ বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক। বিশ্বের যেখানেই এমন ঘটনা ঘটছে, পাকিস্তান এই কথাই বলেছে। পেহেলগামের হামলায় প্রাণহানি নিয়ে আমরা উদ্বিগ্ন। আমরা নিহতদের প্রতি সমবেদনা জানাই। আমরা নিজে সন্ত্রাসবাদের শিকার, আমরা বুঝি এর যন্ত্রণা কেমন।
সূত্র: বার্তা২৪.কম
আইএ/ ০১ মে ২০২৫









