কক্সবাজার

রোহিঙ্গা ক্যাম্পে ছুরিকাঘাতে যুবক খুন

কক্সবাজার, ২৩ এপ্রিল – কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ছুরিকাঘাতে নুরুল ইসলাম নামে এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

বুধবার (২৩ এপ্রিল) ভোরে চিকিৎসাধীন অবস্থায় নুরুল ইসলামের মৃত্যু হয়। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ২/ই সংলগ্ন আমগাছতলা এলাকায় তিনজনকে এলোপাতাড়ি ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

নিহত নুরুল ইসলাম উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের ই-২ এর বাসিন্দা। আহতরা হলেন- নুরুল ইসলামের বড় ভাই রিদোয়ান এবং বন্ধু ফারুক। বর্তমানে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, মঙ্গলবার রাতে মাদক কেনাবেচাকে কেন্দ্র করে সালেহ নামের একজন রোহিঙ্গা মুদি দোকানি নুরুল ইসলামকে ডেকে নেন। এসময় রোহিঙ্গা নুরুল আজিম, সৈয়দুল আমিন প্রকাশ কালা সোনা মিয়া, মো. সাদেক, মো. কায়সার এবং মুদি দোকানি সালেহ তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি জখম করে। পরে রিদোয়ান ও ফারুক তাকে উদ্ধারে এগিয়ে এলে তাদেরও জখম করে হামলাকারীরা।

তাদের ৩ জনকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তিনজনকে চমেক হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় নুরুল ইসলাম মারা যান।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসেন বলেন, মাদক কেনাবেচা সংক্রান্ত জেরে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভবে জানতে পেরেছি। নিহত নুরুল ইসলামের মরদেহ ময়নাতদন্তের হচ্ছে। অভিযুক্ত সৈয়দুল আমিন প্রকাশ কালা সোনা মিয়াকে আটক করা হয়েছে। আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সূত্র: ইত্তেফাক
আইএ/ ২৩ এপ্রিল ২০২৫


Back to top button
🌐 Read in Your Language