সংগীত

নিজেকে ঈদ কার্ড উপহার দেন আঁখি

ঢাকা, ১৮ মার্চ – ছোটবেলায় ঈদের আগে নিউমার্কেট থেকে আর্ট পেপার কিনে নিজ হাতে কার্ড বানাতেন কণ্ঠতারকা আঁখি আলমগীর। সমসাময়িক ভাই-বোন-বন্ধুদের মধ্যে প্রতিযোগিতা হতো, কার তৈরি কার্ড সবচেয়ে বেশি সুন্দর!

আঁখি আলমগীর বলেন, ‘আমি এখনও দেশের বাইরে গেলে কার্ডের দোকানে যাই। খুব আগ্রহ নিয়ে সেগুলো দেখি, কার্ড কিনি। প্রিয়জনদের জন্য কিংবা নিজের জন্য হলেও পছন্দের কার্ড কিনে দেশে ফিরে ড্রয়ারে রেখে দেই। এটি আমার অন্য ধরনের ভালো লাগার একটি বিষয়।’

মাছরাঙা টেলিভিশনের প্রতিদিন সকালের নিয়মিত অনুষ্ঠান ‘রাঙা সকাল’-এর ঈদের বিশেষ আয়োজনে এসে আঁখি আলমগীর এমন অনেক অজানা ও মজার গল্প শোনান। জানান, একসময় প্রিয়জনকে চিঠি লিখতেন নিয়মিত। লেখার প্যাডে পারফিউম ছড়িয়ে চিঠি লেখার ‘নিনজা টেকনিক’ও নাকি আবিষ্কার করেছিলেন তিনি।

আঁখি আলমগীরের জীবনীশক্তি বরাবরই প্রশংসা পায় সংগীত জগতে। এ প্রসঙ্গে আঁখি আলমগীর বলেন, ‘একবার বাংলা নববর্ষে একই দিনে ৩টি শো’তে বিরতিহীনভাবে গান করার অভিজ্ঞতা রয়েছে আমার। বেশ কয়েকবার ঢাকার বাইরে থেকে শো করে জ্যাম ঠেলে ঢাকায় আরেকটি শো ধরার রেকর্ডও রয়েছে আমার।’

অভিনয় ও সংগীত-দুই শাখাতে একমাত্র শিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী আঁখি আলমগীর ‘রাঙা সকাল’-এর ঈদ আয়োজনে এসে বলেছেন, আইন বিষয়ে পড়াশোনার মাঝেই ছেদ পড়েছিল। তবে সুযোগ পেলে নতুন করে পড়াশোনা শেষ করে আইনজীবী পরিচয়েও নিজেকে পরখ করে নিতে চান, মানুষের পাশে দাঁড়াতে চান।

রুম্মান রশীদ খান ও লাবণ্যর সঞ্চালনায়, জোবায়ের ইকবালের প্রযোজনায় ‘রাঙা সকাল’-এর বিশেষ এই পর্বটি প্রচার হবে ঈদের চতুর্থ দিন সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত, মাছরাঙা টেলিভিশনে

আইএ/ ১৮ মার্চ ২০২৫


Back to top button
🌐 Read in Your Language