উত্তর আমেরিকা

হোয়াইট হাউসে ট্রাম্পের ৪০ কোটি ডলারের বলরুম প্রকল্প স্থগিত করল আদালত

ওয়াশিংটন, ৮ আগস্ট – যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসের পূর্ব পাশে ৪০ কোটি ডলার ব্যয়ে ‘হোয়াইট হাউস বলরুম’ নির্মাণের যে উদ্যোগ ট্রাম্প প্রশাসন নিয়েছিল, তা স্থগিত করে দিয়েছেন দেশটির একটি ফেডারেল আপিল আদালত। গত শুক্রবার এ বিষয়ে দায়ের করা এক পিটিশনের রায়ে ইউ.এস. কোর্ট অব অ্যাপিলস ফর ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া সার্কিট এই আদেশ দেন।

রায়ে আদালত উল্লেখ করেন যে, প্রত্যেক প্রেসিডেন্টেরই মনে রাখা প্রয়োজন তারা হোয়াইট হাউসে সাময়িক সময়ের অতিথি মাত্র, এই ভবনের মালিক নন। হোয়াইট হাউসে কোনো বিশাল বলরুম নির্মাণ করা হবে কি না, সেই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার কেবল কংগ্রেসের। এটি নির্বাহী বিভাগের স্বেচ্ছাধীন কোনো বিষয় হতে পারে না।

প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে গত বছর হোয়াইট হাউসের পূর্বাংশ ভেঙে ৯০ হাজার বর্গফুট আয়তনের একটি বলরুম নির্মাণের কাজ শুরু হয়েছিল। তবে এই প্রকল্পের জন্য কংগ্রেসের কোনো পূর্বানুমতি নেওয়া হয়নি।

ট্রাম্প প্রশাসনের এই উদ্যোগের বৈধতাকে চ্যালেঞ্জ করে কলাম্বিয়া জেলা সার্কিটের আপিল আদালতে পিটিশন দেয় ন্যাশনাল ট্রাস্ট ফর হিস্টোরিক প্রিভেনশন নামের একটি সংস্থা। আপিল আদালতের তিন বিচারপতির মধ্যে দুইজন রায়ের পক্ষে ভোট দিয়েছেন। তবে এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করার সুযোগ রয়েছে ট্রাম্পের। এজন্য তাকে আগামী ১৪ দিনের মধ্যে আপিল করতে হবে। অন্যথায় আপিল আদালতের এই রায়ই চূড়ান্ত বলে গণ্য হবে।

পিটিশনের বাদিপক্ষ ন্যাশনাল ট্রাস্ট ফর হিস্টোরিক প্রিভেনশনের প্রেসিডেন্ট ব্রেন্ট লেগস এই রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, হোয়াইট হাউসসহ যুক্তরাষ্ট্রের সব ঐতিহাসিক স্থাপনার বিষয়ে মতামত দেওয়ার অধিকার এ দেশের নাগরিকদের রয়েছে।

অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প এই রায়কে অন্যায্য এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় তিনি দাবি করেন, প্রস্তাবিত এই স্থাপনাটি আসলে একটি বিশেষ নিরাপত্তা ইউনিট যেখানে বোমা আশ্রয়কেন্দ্র এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থাকার কথা ছিল। ট্রাম্প দ্রুতই এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করবেন বলে জানিয়েছেন।

এনএন/ ৮ আগস্ট ২০২৬


Back to top button