নারায়নগঞ্জ

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ১ জনের মৃত্যু

নারায়ণগঞ্জ, ০৮ মার্চ – নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বাসায় গ্যাসের লাইন লিকেজ হয়ে বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু হয়েছে। ওই ব্যক্তির নাম হান্নান (৪০)।

শুক্রবার (৭ মার্চ) দিবাগত রাত সোয়া ১টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের এইচডিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, রাত সোয়া ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে হান্নানের। তার শরীরের ৪৫ শতাংশ দগ্ধ ছিল।

দগ্ধ অনেকেরই শ্বাসনালি পুড়ে যাওয়ায় তাদের অবস্থা আশঙ্কাজনক বলেও জানিয়েছেন চিকিৎসক।

সোমবার (৩ মার্চ) ভোরের দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়।

দগ্ধদের মধ্যে একই পরিবারের পাঁচজন ও আরেক পরিবারের ৩ জন রয়েছে। তারা হলেন, সোহাগ (২৩), রুপালি (২০), সামিয়া (১০), জান্নাত (৪), হান্নান (৪০), সাব্বির (১২), সুমাইয়া (এক বছর ছয় মাস) ও নুরজাহান লাকি (৩০)।

ঘটনার পরপরই নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, বাড়িটির নিচ দিয়ে একটি গ্যাসের লাইন গেছে। সেই লাইনের লিকেজ থেকে বাড়িটি গ্যাস চেম্বার হয়ে যায়। রাত আড়াইটার দিকে হয়তো মশার কয়েল থেকে আগুন ধরেছে কিংবা বিদ্যুৎ সংযোগ থেকে বিস্ফোরণের ঘটনাটি ঘটে।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ০৮ মার্চ ২০২৫


Back to top button
🌐 Read in Your Language