চাপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির সমাবেশে হট্টগোল, পাশে ককটেল বিস্ফোরণ

চাঁপাইনবাবগঞ্জ, ২৫ ফেব্রুয়ারি – দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও নির্বাচনী রোডম্যাপ ঘোষণাসহ বিভিন্ন দাবিতে দেশব্যাপী বিএনপির জেলা ভিত্তিক কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তবে সমাবেশ চলাকালে নেতাকর্মীদের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটে। সমাবেশস্থলে বিএনপির দুটি গ্রুপের নেতাকর্মীরা একে অপরের দিকে চেয়ার ছুড়ে মারে। অন্যদিকে সমাবেশস্থলের অদূরে দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে প্রায় ১৫ মিনিট সমাবেশ বন্ধ ছিল।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বিকেল চারটায় শুরু হয় সমাবেশ। এতে চাঁপাইনবাবগঞ্জসহ আশপাশ এলাকা থেকে অসংখ্য নেতা–কর্মী অংশ নেন। সমাবেশ চলাকালে বিকেল ৫টা ২৫ মিনিটের দিকে মঞ্চে উপজেলা পর্যায়ের এক নেতার বক্তব্য দেওয়া নিয়ে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম ও সদস্যসচিব রফিকুল ইসলামের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। এ সময় উভয় পক্ষের সমর্থকেরা মাঠেও উত্তেজিত হয়ে পড়েন। একে অপরের দিকে চেয়ার ছুড়ে মারেন এবং ভাঙচুর করেন।

পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে সমাবেশে প্রধান অতিথি, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরীফ উদ্দীন বক্তব্য দেন। এ সময় তিনি বলেন, ‘আমি সেনাবাহিনীকে চাকরি করেছি। সারাজীবন সুশৃঙ্খল জীবন যাবন করেছি, কিন্ত আজকে যে ঘটনা ঘটল তা অনভিপ্রেত। আশা করব, আগামীতে যেন এ ধরনের অনভিপ্রেত ঘটনা আর না ঘটে।’

এ সময় তিনি সকল ভেদাভেদ ভুলে গিয়ে নেতাকর্মীদের ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এ দিকে প্রধান অতিথি বক্তব্য দেওয়ার সময় সমাবেশস্থলের অদূরে বড় ইন্দারা মোড় এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়ার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকতসহ অন্যান্যরা।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ২৫ ফেব্রুয়ারি ২০২৫

 


Back to top button
🌐 Read in Your Language