ক্রিকেট

ম্যাচ শেষে যা বললেন বাংলাদেশের অধিনায়ক তামিম

নাঈম মিয়া

ঢাকা, ২০ জানুয়ারি- মাত্র ১২২ রান তাড়া করতে খেলতে হলো প্রায় ৩৪ ওভার। হারাতে হলো চার উইকেট। ব্যাটিংয়ে সাদামাটা পারফরম্যান্সের জন্য উইকেটকেই দায় দিলেন তামিম ইকবাল। বাংলাদেশ অধিনায়কের মতে, কন্ডিশনের জন্য ব্যাটিং হয়ে গিয়েছিল কঠিন। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে ৬ উইকেটে জিতে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেছে বাংলাদেশ।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অধিনায়ক তামিম জানান, কন্ডিশনের আচরণ বুঝে পরিস্থিতি অনুযায়ী ঠিক ব্যাটিংটাই করেছেন তারা। ‘ব্যাটিংয়ের জন্য এটা ছিল কঠিন উইকেট। চাইলেও এখানে আগ্রাসী শট খেলা সম্ভব নয়। প্রথম যখন উইকেট দেখেছিলাম, খুব ভালো মনে হয়েছিল। সারাদিন সূর্যের দেখা মেলেনি। তাই কাউকে দোষ দেওয়া যাবে না। এই ধরনের উইকেটে গিয়েই শট খেলা সম্ভব নয়। যারাই ব্যাটিং করেছে, দায়িত্ব নিয়ে ব্যাটিং করেছে।’

তামিম বলেন, ‘আমরা খুব ভালো বোলিং করেছি। মুস্তাফিজ খুব ভালো শুরু করেছিল। রুবেলও খারাপ করেনি। হাসান খুব ভালো বোলিং করেছে। স্পিনাররা ভালো করেছে। সাকিব ছিল দুর্দান্ত, মিরাজও ভালো করেছে।’

আরও পড়ুন : সাকিবের হাত ধরেই জিতলো বাংলাদেশ

ক্যারিবিয়ানদের ১২২ রানে থামিয়ে আসল কাজটা সেরে রাখেন বোলাররা। গত বিশ্বকাপের পর প্রথম ওয়ানডে খেলতে নামা সাকিব মাত্র ৮ রানে নেন ৪ উইকেট। অভিষেকে আলো ছড়ানো হাসান মাহমুদ ৩ উইকেট নেন ২৮ রানে। শুরুতে দুই ওপেনারকে ফিরিয়ে সুর বেঁধে দেন মুস্তাফিজুর রহমান।

সূত্র: বিডি২৪লাইভ

আর/০৮:১৪/২০ জানুয়ারি

Back to top button
🌐 Read in Your Language