চট্টগ্রাম

চকরিয়ার সাবেক এমপি বাইট্টা জাফরের সহযোগী টৈটং এর ভোট ডাকাত চেয়ারম্যান জাহেদ গ্রেপ্তার

কক্সবাজার, ২৬ অক্টোবর – কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরীকে (৫৩) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গতকাল শুক্রবার রাতে রামু উপজেলার ফুটবল চত্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জাহেদুল ইসলাম চৌধুরী কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের আওয়ামী লীগের সাবেক সাবেক সংসদ সদস্য জাফর আলমের অন্যতম সহযোগী বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব বলছে, পেকুয়া উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, দাঙ্গা সৃষ্টি, অগ্নি সংযোগসহ হত্যাচেষ্টা মামলার আসামি চেয়ারম্যান জাহেদুল ইসলাম।

আজ শনিবার সকালে র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, একাধিক মামলার আসামি জাহেদুল ইসলাম গ্রেপ্তার এড়াতে রামু উপজেলায় আত্মগোপন করে আছে-এমন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি টিম রামুর ফুটবল চত্বর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। তিনি চকরিয়ার সাবেক এমপি জাফর আলমের অন্যতম সহযোগী ও ইউপি চেয়ারম্যান হওয়ার সুবাদে ক্ষমতার অপব্যবহার করে টৈটং ইউনিয়ন এলাকায় অস্ত্র ও ক্ষমতার দাপট দেখিয়ে জোরপূর্বক ভূমি দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের নেতৃত্ব দিতেন। এ ছাড়া গত ৫ আগস্ট সরকার পতনের এক দফা দাবিতে পেকুয়া উপজেলা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, দাঙ্গা সৃষ্টি, অগ্নিসংযোগসহ নিরীহ ছাত্র জনতাকে হত্যাচেষ্টা করেছেন।

জাহেদুলের বিরুদ্ধে পেকুয়া থানায় তিনটি মামলা রয়েছে জানিয়ে র‌্যাবের এই কর্মকর্তা বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সূত্র: আমাদের সময়
আইএ/ ২৬ অক্টোবর ২০২৪

Back to top button
🌐 Read in Your Language