ঢাকা

আষাঢ়ের বৃষ্টিতে ডুবল ঢাকার সড়ক-অলিগলি

ঢাকা, ১২ জুলাই – মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশেই বৃষ্টি হচ্ছে। শুক্রবার সকাল থেকে ঢাকাতেও বৃষ্টি হয়েছে। টানা বৃষ্টিতে ডুবে গেছে ঢাকার অনেক সড়ক, অলিগলিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। ফলে তাপমাত্রা অনেকটা কমে কিছুটা স্বস্তি মিললেও ঘরের বাইরে চলাচলে বেশ দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে।

শুক্রবার সরেজমিন দেখা গেছে, সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় বাইরে কাজে বের হওয়া মানুষের সংখ্যা তুলনামূলক কম। সকালের বৃষ্টির শব্দে অনেকের ঘুম ভেঙেছে। এরপরও যাদের কাজে বের হতে হয়েছে তারা পড়েছেন সীমাহীন ভোগান্তিতে। একদিকে বৃষ্টি, অন্যদিকে জলাবদ্ধতার কারণে ভোগান্তিতে পড়তে হয়েছে তাদের।

সকাল থেকে টানা বৃষ্টির ফলে রাজধানীর মোহাম্মদপুরের কিছু অংশ, মেরুল বাড্ডা, ডিআইটি প্রজেক্ট এলাকায়, মোহাম্মদপুর, ইসিবি, মালিবাগ, শান্তিনগর, সায়াদাবাদ, আগারগাঁও থেকে জাহাঙ্গীর গেট যেতে নতুন রাস্তায়, খামারবাড়ি থেকে ফার্মগেট, ফার্মগেট-তেজগাঁও ট্রাক স্ট্যান্ড সংলগ্ন এলাকা, শনির আখড়া, পুরান ঢাকা, বংশাল, নাজিমুদ্দিন রোড, ধানমন্ডি, মিরপুর ১৩, হাতিরঝিলের কিছু অংশ, গুলশান লেকপাড় এলাকার সংযোগ সড়কসহ বিভিন্ন সড়ক ও অলিগলিতে কিছু পরিমাণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

কারওয়ান বাজার থেকে গুলশান আসা সিরাজুল ইসলাম বলেন, ভোর থেকেই বৃষ্টি হচ্ছে। সাপ্তাহিক ছুটির দিন ও বৃষ্টির কারণে গণপরিবহন নেই বললেই চলে। বিভিন্ন সড়ক, অলিগলিতে হাঁটু পানি জমেছে। আমি কারওয়ান বাজার থেকে জরুরি একটি কাজে গুলশান এসেছি। মাঝপথে বিভিন্ন এলাকায় দেখলাম সড়কে পানি জমে গেছে।

সিএনজি চালক নাজিম উদ্দিন বলেন, মোহাম্মদপুর থেকে বিজয় সরণি-তেজগাঁও হয়ে হাতিরঝিল আসার পথে দেখলাম অনেক‌ রাস্তা, অলিগুলি পানিতে ডুবে গেছে। রাস্তার মধ্যে জমে থাকা পানির কারণে দুই একটা সিএনজি স্টার্ট বন্ধ হয়ে ঠেলতে দেখেছি। পূর্ব রাজধানীর সড়কগুলো ফাঁকা, সড়কে তেমন যানবাহন নেই, সেই সঙ্গে বাইরে কাজে বের হওয়া মানুষের সংখ্যাও হাতেগোনা। আর যারা বের হয়েছে তারা জলাবদ্ধতার ভোগান্তিতে পড়েছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, মৌসুমি বায়ু শক্তিশালী হয়ে ওঠায় বৃষ্টি বেড়েছে। আজ সারাদেশে বৃষ্টি বাড়তে পারে, আকাশও মেঘলা থাকতে পারে।

সূত্র: ডেইলি-বাংলাদেশ
আইএ/ ১২ জুলাই ২০২৪


Back to top button
🌐 Read in Your Language