কক্সবাজার

রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, ২ শতাধিক ঘর পুড়ে ছাই

কক্সবাজার, ০১ জুন – কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ১৩ নম্বর তানজিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনের ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি, তবে ২ শতাধিক ঘর পুড়ে গেছে।

শনিবার (১জুন) দুপুর ১টায় ওই ক্যাম্পে আগুন লাগে। ফায়ার সার্ভিসের চেষ্টায় ১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

উখিয়া ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোহিঙ্গা ক্যাম্পে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনে বসত ঘর ও দোকানপাট পুড়ে গেছে।

অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছু-দ্দৌজা নয়ন বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, দুই শতাধিক ঘর ও এনজিও সংস্থার কেন্দ্র পুড়ে গেছে। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হবে।

৮ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আমির জাফর জানান, আগুনে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে সেটি বের করার চেষ্টা চলছে। এটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত ঘটনা সেটাও তদন্ত করা হবে।

এর আগে, গত ২৪ মে একই ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সেদিন ৩ শতাধিক বসত ঘরসহ নানা স্থাপনা আগুনে পুড়ে যায়।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ০১ জুন ২০২৪


Back to top button
🌐 Read in Your Language