এশিয়া

মার্কিন নিষেধাজ্ঞার কবলে চীনা ৩৭ কোম্পানি

ওয়াশিংটন, ১২ মে – যুক্তরাষ্ট্র এবার চীনের ৩৭টি প্রযুক্তি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। শুক্রবার (১০ মে) যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় এই নিষেধাজ্ঞা আরোপ করে। এই নিষেধাজ্ঞার কারণ হিসাবে যুক্তরাষ্ট্র উল্লেখ করেছে, চীনা প্রযুক্তি কোম্পানিগুলো মার্কিন উপকরণ ব্যবহার করে নজরদারি বেলুন ও দেশটির সামরিক বাহিনীর জন্য ড্রোন তৈরি করেছিল।

এ বিষয়ে ওয়াশিংটনভিত্তিক রেডিও ফ্রি এশিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, নিষেধাজ্ঞা পাওয়া কোম্পানিগুলোর মধ্যে ২২টি কোম্পানি মার্কিন কোয়ান্টাম প্রযুক্তি খাতের সহযোগিতা নিয়ে চীনের সামরিক বাহিনীর জন্য ড্রোন তৈরি করেছে। এছাড়া ১১টি কোম্পানির বিরুদ্ধে অভিযোগ, তারা নজরদারি বেলুন তৈরি করেছে। আর অন্য কোম্পানিগুলোর বিরুদ্ধে অভিযোগ, তারা ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়ায় বিভিন্ন উপকরণ সরবরাহ করেছে।

নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি অ্যালান এস্তেভেজ বলেছেন, জাতীয় নিরাপত্তাসংশ্লিষ্ট উল্লেখযোগ্য উদ্বেগের কারণে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

উল্লেখ্য, প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্ব নেওয়ার পর এ পর্যন্ত মোট ৩৫৫টি চীনা প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা দেওয়া হলো।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১২ মে ২০২৪


Back to top button
🌐 Read in Your Language