ক্রিকেট

জ্বলন্ত আগুনে হাঁটলেন তাসকিন (ভিডিও)

ঢাকা, ৫ জানুয়ারি- দেশের জন্য সবটুকু দিতে প্রস্তুত, আন্তর্জাতিক সিরিজে খেলতে নামার আগে খেলোয়াড়রা এমন কথা হরহামেশাই বলে থাকেন। কিন্তু অনেক সময় প্রত্যাশা আর প্রাপ্তির মেলবন্ধন দেখা যায় না। যদিও তাদের মাঠের পারফরম্যান্সটা সবাই দেখলেও পেছনের চেষ্টাগুলো হয়তো চোখের আড়ালেই থেকে যায়।

প্র্যাকটিস, কঠোর পরিশ্রম-ফিটনেস ধরে রাখা আর পারফর্ম করার জন্য কত কীইনা করেন খেলোয়াড়রা। তাই বলে জলন্ত আগুনের ওপর দিয়ে হাঁটা! এমন অনুশীলন কি কখনও দেখেছেন? বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার তাসকিন আহমেদ দেশের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিতে ঠিকই ‘অগ্নিপরীক্ষা’য় ঠেলে দিয়েছেন নিজেকে।

আজ (মঙ্গলবার) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাসকিন একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে-বল হাতে নিয়ে জ্বলন্ত আগুনে তৈরি রাস্তায় হাঁটছেন এই গতিতারকা, সেটাও আবার খালি পায়ে।

আরও পড়ুন :  প্রয়োজনীয় জায়গা ছাড়া বাবার নাম নিও না, সন্তানদের উদ্দেশ্যে মাশরাফী

আগুনের সবটুকু উত্তাপ পায়ে নিয়ে অনেক কষ্টে রাস্তাটা পাড়ি দেন তাসকিন। এমন কষ্টকর এক পরীক্ষা দিতে গিয়ে চোখমুখ অন্ধকার হয়ে আসছিল তার, তবে ভালোভাবে শেষ করতে পেরে হাসেন বিজয়ের হাসি।

কিন্তু কেন এমন করছেন তাসকিন? জাতীয় দলের এই পেসার তার পোস্টে জানিয়েছেন, এটি আসলে মনযোগ, আত্মবিশ্বাস বাড়ানোর একটি ‘মাইন্ড সেশন’। একজন বিশেষজ্ঞ ট্রেনারের অধীনে তিনি এই সেশন সম্পন্ন করছেন।

তাসকিন লিখেছেন, ‘আমি আমার দেশকে নিজের সেরাটা দিতে চাই। এটা ছিল খুবই শক্তিশালী মাইন্ড সেশন, যেটি আমার আত্মবিশ্বাস বাড়ানো এবং অবিশ্বাস্য পারফরম্যান্স আনার জন্য! তবে এখানেই শেষ নয়। মানসিকতার উন্নতির জন্য আমি পরের ধাপে যাওয়ার পথে আছি। আরও অনেক দূর যেতে হবে। দয়া করে আমার জন্য দোয়া করবেন। সবাইকে ভালোবাসা।’

সূত্র: জাগোনিউজ

আর/০৮:১৪/৫ জানুয়ারি


Back to top button
🌐 Read in Your Language