চট্টগ্রাম

শিশুর মৃত্যু, চিকিৎসককে মেরে আইসিইউতে পাঠাল রোগীর স্বজনরা

চট্টগ্রাম, ১৫ এপিল – চট্টগ্রামে মেডিকেল সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন এক শিশু মারা যাওয়ায় চিকিৎসক রিয়াজ উদ্দিন শিবলুকে বেধড়ক মারধর করেছেন রোগীর স্বজনরা। গুরুতর আহত ওই চিকিৎসককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।

রোববার (১৪ এপ্রিল) বেসরকারি হাসপাতাল চট্টগ্রামে মেডিকেল সেন্টারে এ ঘটনা ঘটে।

পাঁচলাইশ থানার ওসি সন্তোষ চাকমা বিষয়টি নিশ্চিত করে বলেন, চিকিৎসককে বেধড়ক মারধরের ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

জানা গেছে, শনিবার (১৩ এপ্রিল) রাত ১০টার দিকে চট্টগ্রামে মেডিকেল সেন্টার হাসপাতালের এনআইসিইউতে নিউমোনিয়া জটিলতা নিয়ে এক শিশুকে ভর্তি করে তার স্বজনরা। রোববার সকাল সাড়ে ৯টার দিকে শিশুটি মারা যায়। এ ঘটনার পরপরই চিকিৎসক রিয়াজের ওপর হামলা চালায় শিশুটির বাবা সুমনসহ তার স্বজনরা। এতে মাথায় গুরুতর আঘাত পান চিকিৎসক রিয়াজ।

চট্টগ্রাম মেডিকেল সেন্টারের ম্যানেজার ডা. মো. ইয়াসিন আরাফাত বলেন, সীতাকুণ্ডের বিএম ডিপো এলাকা থেকে এক শিশুকে শনিবার রাতে এনআইসিইউতে ভর্তি করা হয়। শিশুটি মারা গেলে হাসপাতালে দায়িত্বরত চিকিৎসকের ওপর হামলা চালায় তার স্বজনরা।

তিনি বলেন, আহত ওই চিকিৎসককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ১৫ নম্বর বেডে ভর্তি করা হয়েছে। আমরা বিষয়টি বিএমএ নেতাদের জানিয়েছি। এ ঘটনায় আমরা মামলা করব।

সূত্র: কালবেলা
আইএ/ ১৫ এপিল ২০২৪


Back to top button
🌐 Read in Your Language