ডিজেলের দাম বাড়ায় বাস ভাড়া নির্ধারণে বিআরটিএ ও মালিকদের বৈঠক শুরু

ঢাকা, ১৯ এপ্রিল – জ্বালানি তেল ডিজেলের দাম লিটার প্রতি ১৫ টাকা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে গণপরিবহনের ভাড়া পুনর্নির্ধারণে বৈঠকে বসেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) এবং পরিবহন মালিকরা। রোববার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে বনানীতে বিআরটিএর সদর কার্যালয়ে এই গুরুত্বপূর্ণ সভা শুরু হয়। সভায় ঢাকাসহ সারাদেশের ডিজেল চালিত বাস ও মিনিবাসের কিলোমিটার প্রতি ভাড়া কত হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হচ্ছে।
বিআরটিএর চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমরের সভাপতিত্বে এই বৈঠকে সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের শীর্ষ নেতারা উপস্থিত আছেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বৈঠকে মালিক সমিতির পক্ষ থেকে নতুন ভাড়ার প্রস্তাব পেশ করা হবে এবং পরবর্তীতে তা বিশ্লেষণ করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সরকারের ডিজেলের মূল্য বৃদ্ধির সিদ্ধান্তের পর থেকেই পরিবহন খাত সংশ্লিষ্টরা ভাড়া বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন। তারই ধারাবাহিকতায় বিআরটিএর ভাড়া পুনর্নির্ধারণ কমিটি এই সভার আয়োজন করেছে।
এস এম/ ১৯ এপ্রিল ২০২৬









