দরজা ভেঙে মিলল বাবা-ছেলের মরদেহ

ঢাকা, ০৭ এপিল – রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন তালতলা মোল্লাপাড়া এলাকার একটি বাড়ির দরজা ভেঙে বাবা ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৭ এপ্রিল) সন্ধ্যার পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহতরা হলেন— বাবা মশিউর রহমান (৫০) ও তার ছেলে সাহদাব (১৬)। এ ঘটনায় মেয়ে সিনথিয়াকে (১৩) গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শেরেবাংলা নগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহাদ আলী জানান, তালতলা মোল্লাপাড়া এলাকার একটি বাড়ির দ্বিতীয় তলা থেকে দরজা ভেঙে বাবা-ছেলে মরদেহ উদ্ধার করা হয়েছে। একজনের মরদেহ ঝুলন্ত অবস্থায় অপরজনের দেহ মেঝে থেকে উদ্ধার করা হয়েছে। এছাড়া মেয়েটিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি বলেন, প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাবা ছেলেকে ফাঁস দিয়ে হত্যার পর নিজে আত্মহত্যা করেছে। তবে মেয়েটিকে গলায় ফাঁস দেওয়া হলেও প্রাণে বেঁচে গেছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে। আইনিপ্রক্রিয়া শেষে দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ০৭ এপিল ২০২৪









