ব্যবসা

মার্চে ১০ শতাংশ বেড়েছে রপ্তানি আয়

ঢাকা, ০২ এপিল – সদ্য সমাপ্ত হওয়া মাস মার্চে রপ্তানি আয় প্রায় ১০ শতাংশ বেড়েছে। ওই মাসে পণ্য রপ্তানি করে ৫১০ কোটি ২৫ লাখ মার্কিন ডলার আয় করেছে বাংলাদেশ। দেশীয় মুদ্রায় (প্র‌তি ডলার ১১০ টাকা ধ‌রে) যার পরিমাণ ৫৬ হাজার ১২৮ কোটি টাকা। আগের মাস ফেব্রুয়ারিতে রপ্তানি হয়েছিল ৫১৮ কোটি ৭৫ লাখ ডলার আর প্রবৃদ্ধি ছিল ১২ দশমিক ০৪ শতাংশ।

টানা তিন মাস পণ্য রপ্তানি বাড়ার কারণে সামগ্রিক পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধির হারও বেড়েছে। ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই-মার্চ) ৪ হাজার ৩৫৫ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এই আয় গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৩৯ শতাংশ বেশি।

মঙ্গলবার ( ২ মার্চ) রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রকাশিত পরিসংখ্যানে এসব তথ্য পাওয়া গেছে।

২০২২-২৩ অর্থবছরে ৫ হাজার ৫৫৬ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছিল বাংলাদেশ। ওই সময় প্রবৃদ্ধি হয়েছিল ৬ দশমিক ৬৭ শতাংশ। চলতি ২০২৩-২৪ অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ হাজার ২০০ কোটি ডলার। ইপিবির তথ্য বলছে, ৯ মাসে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি হলেও লক্ষ্যমাত্রার চেয়ে ৫ দশমিক ৮৬ শতাংশ পিছিয়ে আছে বাংলাদেশ।

ইপিবির প্রতিবেদনে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে দেশের বড় খাত তৈরি পোশাকের রপ্তানি বাড়লেও অন্যান্য বড় খাতগুলোর রপ্তানি কমেছে। এর মধ্যে রয়েছে হিমায়িত খাদ্য, পাট ও পাটজাত পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, হোম টেক্সটাইল, প্রকৌশল পণ্য ইত্যাদি।

ইপিবির তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, দেশের রপ্তানি পণ্যের প্রধান খাত তৈরি পোশাক প্রথম ৯ মাসে ৩ হাজার ৭২০ কোটি ডলার সমপরিমাণ মূল্যের পণ্য রপ্তানি হয়েছে। যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৫৩ শতাংশ বেশি। তবে লক্ষ্যমাত্রার চেয়ে ৪ দশমিক ৬২ শতাংশ কম। আলোচ্য সময়ে নিট পোশাকের রপ্তানি ৯ দশমিক ৭৯ শতাংশ এবং ওভেন পোশাক দশমিক ৪৭ শতাংশ বেড়েছে।

তৈরি পোশাকের বাইরে রপ্তানি তালিকার শীর্ষে থাকা পণ্যে রপ্তানি কমেছে গত ৯ মাসে। গত জুলাই থেকে মার্চ সময়ে পাট ও পাট-পণ্যের রপ্তানি আগের অর্থবছরের একই সময়ের তুলনায় কমেছে ৫ দশমিক ৬ শতাংশ। চামড়া ও চামড়া পণ্যের রপ্তানি আগের অর্থবছরের একই সময়ের তুলনায় কম হয়েছে ১৩ দশমিক ৬৫ শতাংশ। এছাড়া হোম টেক্সটাইলের রপ্তানি কমেছে প্রায় ২৬ শতাংশ। আরও অনেক পণ্যের রপ্তানি কমার প্রবণতার মধ্যে রয়েছে। অবশ্য কৃষি পণ্যের রপ্তানি চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে ৫ দশমিক ৬ শতাংশ বেড়েছে এবং প্লাস্টিক পণ্যের রপ্তানি ১৮ দশমিক ১৬ শতাংশ বেড়েছে।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ০২ এপিল ২০২৪


Back to top button
🌐 Read in Your Language