নারায়নগঞ্জ

গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ২

নারায়ণগঞ্জ, ২২ মার্চ – নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাসাবাড়িতে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে মোছা. আইরিন ও মোছা. জান্নাত নামে দুই নারী দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (২১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে সানারপাড় এলাকার নুরুল ইসলামের বাড়ির রান্নাঘরে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের রাতেই শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেয়া হয়।

দগ্ধ গৃহবধূ আইরিনের স্বামী রুবেল জানান, সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার নুরুল ইসলামের বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকেন তারা। বৃহস্পতিবার রাতে রান্নার সময় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে স্ত্রীসহ জান্নাত নামে এক প্রতিবেশীও দগ্ধ হন। দ্রুত শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম জানান, রাতে নারায়ণগঞ্জ থেকে দুই নারীকে দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন ভুঁইয়া বলেন, রাতে এ ঘটনা শুনেছি। ঘটনাস্থলের কাছাকাছি ডেমরা ফায়ার সার্ভিস থাকায় তারা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যান। এ ঘটনায় দুই নারী দগ্ধ হয়েছেন।

সূত্র: ডেইলি-বাংলাদেশ
আইএ/ ২২ মার্চ ২০২৪


Back to top button
🌐 Read in Your Language