ফতুল্লায় চায়ের দোকানে সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ এক

নারায়ণগঞ্জ, ১৫ মার্চ – নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি চায়ের দোকানে জমে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দোকানি হারুন মিয়া (৫০) দগ্ধ হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১৫ মার্চ) দুপুরে সদর উপজেলার ফতুল্লার ইসদাইর বুড়ির দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ হারুন মিয়া ফতুল্লার কাঠেরপুর এলাকার বাসিন্দা।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, দুপুরে জুমার নামাজ শেষে দোতলা বাড়ির নিচ তলায় থাকা চায়ের দোকান খুলতে যায় হারুন। এ সময় চুলা জ্বালাতে গেলে বিস্ফোরণ ঘটে এবং দোকানে আগুন ধরে যায়। পরে আশপাশের লোকজন ছুটে গিয়ে আগুন নিভিয়ে দগ্ধ অবস্থায় হারুনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আগুনে হারুন মিয়ার শরীর বিভিন্ন অংশ পুড়ে গেছে।
ঘটনাস্থলে আসা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন আহামেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা ধারণা করছি সিলিন্ডারের পাইপ বা গ্যাসের চুলা জ্বালানো ছিল। এ কারণে দোকানের ভেতর গ্যাস জমে ছিল। পরে আগুন জ্বালানোর চেষ্টা করলে তা বিস্ফোরিত হয়। আহত দোকানিকে বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলমান।
সূত্র: বাংলাদেশ জর্নাল
আইএ/ ১৫ মার্চ ২০২৪








