ফুটবল

টাইব্রেকারে হেরে বিদায় রোনালদোর আল নাসরের

রিয়াদ, ১২ মার্চ – উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে ধরা হয় পর্তূগীজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোকে। আসরটির শিরোপা পাঁচবার ঘরে তোলা এই ফুটবলার আসরের সর্বোচ্চ গোলদাতাও। ইউরোপের গণ্ডি ছেড়ে বর্তমানে রোনালদো তার ফুটবল প্রতিভা দেখিয়ে মুগ্ধ করছেন মরুর দেশ সৌদি আরবে। সৌদি প্রো লিগের দল আল নাসরের হয়ে খেলা রোনালদোর সামনে সুযোগ এসেছিল এশিয়ার চ্যাম্পিয়ন্স লিগেও ট্রফি জয়ের। সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল আইনের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে হারলেও রোনালদোর দলের কাছে যথেষ্ট সুযোগ ছিল ঘুরে দাঁড়িয়ে সেমিতে জায়গা করে নেওয়ার। সাত গোলের ম্যাচে গোল করলেও হাস্যকর এক মিসও করেন তিনি। যাতে করে শেষ পর্যন্ত টাইব্রেকারে যেতে হয় দলকে। আর সেখানেই বিদায়।

সোমবার (১২ মার্চ) এএফসি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে আল আইনের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল আল নাসর। প্রথম লেগে আল আইনের মাঠে ১-০ ব্যবধানে হেরে আসা আল নাসর ঘরের মাঠে ৪-৩ ব্যবধানে জয় পেলেও টাইব্রেকারে ৩-১ ব্যবধানে হেরে যায়।

এদিন ম্যাচের শুরুটা ভালো হয়নি আল নাসরের। ২৮ মিনিটের মাথায় পিছিয়ে পড়ে সৌদি প্রো লিগের দলটি। ৪৫ মিনিটে আরও এক গোল খেলে কার্যত বাদ পড়ে যায় রোনালদো-মানেরা। ম্যাচ অতিরিক্ত সময়ে নিতে হলেও তখন তিন গোল করতে হতো আল নাসরকে। অবিশ্বাস্য ভাবে সেই কাজটিই করে দেখায় আল নাসর। প্রথমার্ধের যোগ করা সময়ে আব্দুলরহমান ঘারিব গোল করে ব্যবধান কমান। এরপর দ্বিতীয়ার্ধে আল আইনের আত্মঘাতী গোলে সমতায় ফেরে আল নাসর।

৭২ মিনিটে ফুলব্যাক অ্যালেক্স টেলেসের গোলে আল নাসর লিড পায়। নির্ধারিত ৯০ মিনিটের খেলায় ৩-২ গোলে শেষ হলে ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ায়। সেখানে ৯৮ মিনিটে আল নাসরের আয়মান ইয়াহিয়া লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় রোনালদোরা।

১০৩ মিনিটে আল আইন আবার গোল করলে সফরকারীরা সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন দেখে। তবে এবার আল নাসরের ত্রানকর্তা হয়ে আসেন রোনালদো। ১১৮ মিনিটে পেনাল্টি পায় আল নাসর। স্পটকিক থেকে আল নাসরকে এগিয়ে দেন পর্তুগিজ মহাতারকা। ম্যাচ গড়ায় টাইব্রেকারে সেখানে ৩-১ ব্যবধানে হেরে স্বপ্ন ভঙ্গ হয় আল নাসরের। এতে আল নাসরের হয়ে বড় শিরোপা জয়ের অপেক্ষা বাড়ল রোনালদোর।

সূত্র: কালবেলা
আইএ/ ১২ মার্চ ২০২৪


Back to top button
🌐 Read in Your Language