ঝালকাঠি

সরকারি অফিসে বসেই প্রকাশ্যে ধূমপান করেন হিসাবরক্ষণ কর্মকর্তা

ঝালকাঠি, ১১ ফেব্রুয়ারি – ঝালকাঠিতে নলছিটি উপজেলার হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আহসান কবীর বলেছেন, ‘আমি তো রাস্তায় বা বাইরে ধূমপান করতে পারি না তাই অফিস টাইমের পর অফিসে বসে করেছি।’ সরকারি অফিসে নিজ কার্যালয়ে বসে ধূমপানের অভিযোগের ভিত্তিতে তিনি এ মন্তব্য করেন। সেবাগ্রহীতারা তার বিরুদ্ধে এ অভিযোগ তুলেছেন।

সম্প্রতি তিনি তার কর্মস্থল নলছিটি উপজেলা হিসাবরক্ষণ অফিসে বসে প্রকাশ্যে ধূমপান করেন। এমন ঘটনার ২ মিনিট ৩৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, চেয়ারে বসে প্রকাশ্যে ধূমপান করছেন হিসাবরক্ষণ কর্মকর্তা আহসান কবীর। এ সময় তার সামনে এক ব্যক্তি বসা ছিলেন ও ফাইল নিয়ে দুই ব্যক্তিকে দাঁড়ানো দেখা গেছে। আর তিনি এক হাতে কম্পিউটারের কিবোর্ড চাপছেন অন্য হাতে সিগারেট টানছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, নিজ কার্যালয়ে বসেই নিয়মিত ধূমপান করেন তিনি। প্রায় সময় তার এক হাতে থাকে সিগারেট, অন্য হাতে সেবা গ্রহীতাদের ফাইলে সই করেন। অফিসের কেউ তার বিরুদ্ধে কথা বলতে সাহস পায় না।

এদিকে অফিসে বসে প্রকাশ্যে ধূমপানের কারণে ক্ষোভ প্রকাশ করেন সেবাগ্রহীতা ও সাধারণ মানুষ। বিষয়টি নিয়ে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে সচেতন মহলে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সেবাগ্রহীতা বলেন, আমাদের প্রায়ই উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কক্ষে যেতে হয়। অফিসে বসেই একের পর এক সিগারেট ধরান তিনি। দুর্গন্ধে তার কক্ষে যাওয়া কষ্টকর হয়। অফিসে যত লোকই থাকুক, তিনি সবার সামনেই ধূমপান করেন। এটা তার নিত্যদিনের অভ্যাস।

এ বিষয়ে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আহসান হাবীব বলেন, অফিসে বসে ধূমপান করাটা আমার ভুল হয়ে গেছে। আমি আমার ডিপার্টমেন্টকে জানিয়েছি।

এ বিষয়ে বরিশাল ডেপুটি ডিভিশনাল কন্ট্রোলার অব অ্যাকাউন্টস মো. সাজ্জাদ হোসেন বলেন, অফিস কক্ষে প্রকাশ্যে ধূমপান করার ঘটনায় তাকে লিখিতভাবে চিঠি দিয়ে সতর্ক করা হয়েছে।

সূত্র: কালবেলা
আইএ/ ১১ ফেব্রুয়ারি ২০২৪


Back to top button
🌐 Read in Your Language