উখিয়ায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ রোহিঙ্গার মৃত্যু

কক্সবাজার, ২০ জানুয়ারি – কক্সবাজারের উখিয়ায় সড়ক দুর্ঘটনায় গুরা মিয়া (৭১) নামের এক রোহিঙ্গা পথচারী নিহত হয়েছেন।
শনিবার (২০ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলার কুতুপালং উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গুরা মিয়া কুতুপালং ক্যাম্প-১ ইস্ট এর এ/৯ ব্লকের মুসন আলীর ছেলে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীর বরাতে তিনি বলেন, শনিবার সকালে রোহিঙ্গা ক্যাম্প -০১ ইস্ট থেকে হিন্দু ক্যাম্পের দিকে যাচ্ছিলো বৃদ্ধ গুরা মিয়া। এসময় একটি ইজিবাইকের সাথে ধাক্কা লেগে রাস্তায় পড়ে যান। পরে রাস্তা থেকে ওঠার সময় একটি দ্রুত গতির সিএনজিচালিত অটোরিকশা বৃদ্ধকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এসময় তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। পরবর্তীতে মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, ঘাতক সিএনজি অটোরিকশাটি পালিয়ে গেলেও ইজিবাইকটি জব্দ করা হয়েছে।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২০ জানুয়ারি ২০২৪









