জাতীয়

মানুষ পুড়িয়ে কখনও ক্ষমতায় আসা যায় না

রাজবাড়ী, ২০ জানুয়ারি – রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম বলেছেন, রেলে আগুনের পিছনে যারা, তারা রাজনৈতিক সন্ত্রাসী। এরা জীবনহানি ঘটায়, মানুষকে পোড়ায়। মানুষকে পুড়িয়েতো ক্ষমতায় যেতে পারবে না। কিন্তু এরা সন্ত্রাস করে রাজনীতিকে কলুষিত করছে।

শনিবার দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার সকল সরকারি দপ্তরের দপ্তর প্রধানগণের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অগ্নিসন্ত্রাস কোনোভাবেই জনগণ সমর্থন করে না। এ কাজ চালাতে থাকলে তারা জীবনে রাজনৈতিকভাবে সফলতা পাবে না।

রেলপথ মন্ত্রী রাজবাড়ী জেলা নিয়ে তার পরিকল্পনা বলতে গিয়ে বলেন, রাজবাড়ীতে সর্ববৃহৎ রেল মেরামত কারখানা নির্মাণ করা হবে। রেলের শহরের যে নাম ছিল, সেটা বাস্তবায়ন হবে। রাজবাড়ীতে রেলওয়ের কোয়ার্টার, জমি বেদখল হয়ে আছে। খুব জোড়ালোভাবে উদ্ধার করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। জনগণের দাবি মেনেই এ সকল কার্যক্রম পরিচালনা করা হবে।

মতবিনিময় সভায় রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, রাজবাড়ী পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ প্রমুখ।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২০ জানুয়ারি ২০২৪


Back to top button
🌐 Read in Your Language