শরীয়তপুর

ঘন কুয়াশায় শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ

শরীয়তপুর, ০৬ জানুয়ারি – শরীয়তপুর নরসিংহপুর-চাঁদপুর হরিণাঘাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার দিনগত রাত সোয়া ১১টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বলেন, ‘ঘন কুয়াশার কারণে নৌ দুর্ঘটনা এড়াতে শুক্রবার রাত সোয়া ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে মাঝপথে কোনো ফেরি নোঙর করে রাখতে হয়নি। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।’

তিনি আরও বলেন, ‘যানবাহন পারাপারের জন্য এই রুটে ছোট-বড় পাঁচটি ফেরি রয়েছে। এই রুটে যানবাহন কম চলায় বর্তমানে ফেরিগুলো যানবাহনের জন্য অপেক্ষা করে।’

এদিকে, দুর্ঘটনা এড়াতে ঘন কুয়াশার কারণে সড়কগুলোয় চালকরা হেডলাইট জ্বালিয়ে যানবাহন ধীর গতিতে চালাচ্ছেন।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৬ জানুয়ারি ২০২৪


Back to top button
🌐 Read in Your Language