চট্টগ্রাম

সমাবেশে এসে গ্রেপ্তার চট্টগ্রামের বিএনপি নেতার কাশিমপুর কারাগারে মৃত্যু

ঢাকা, ২৬ নভেম্বর – কারাগারে থাকা অবস্থায় চট্টগ্রাম মহানগরের চান্দগাঁও থানার ৫ নম্বর মোহরা ওয়ার্ড বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি গোলাপুর রহমান মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।

শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মো. ইদ্রিস আলী। তিনি জানান, সন্ধ্যা ৭টার দিকে কাশিমপুর কারাগার থেকে টেলিফোনে বিষয়টি গোলাপুর রহমানের পরিবারের সদস্যদের জানানো হয়েছে।

গোলাপুর রহমানের পরিবারের বরাত দিয়ে ইদ্রিস আলী জানান, কাশিমপুর কারাগারের পক্ষ থেকে মৌখিকভাবে জানানো হয়েছে, দুপুর ২টার দিকে গোলাপুর রহমান কারা সেলে অসুস্থ বোধ করেন। তাকে কারা হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়। সন্ধ্যা ৭টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মরদেহ গ্রহণের জন্য পরিবারের সদস্যদের কাশিমপুর কারাগারে যেতে বলা হয়েছে।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে যোগ দিতে ঢাকায় এসেছিলেন গোলাপুর রহমান। সমাবেশের আগের দিন সন্ধ্যায় চান্দগাঁও থানা বিএনপির সভাপতি মোহরা ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ আজম এবং গোলাপুর রহমানসহ সাত জনকে নয়াপল্টনে বিএনপি অফিসের সামনে থেকে পুলিশ গ্রেপ্তার করেছিল। এরপর থেকে তারা কাশিমপুর কারাগারে ছিলেন।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৬ নভেম্বর ২০২৩


Back to top button
🌐 Read in Your Language