পাকিস্তানের বোলিং কোচের দায়িত্ব ছাড়লেন মরকেল

ইসলামবাদ, ১৩ নভেম্বর – পাকিস্তানের বোলিং কোচের দায়িত্ব ছাড়ছেন মরনে মরকেল। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে নিশ্চিত করেছে এই তথ্য। এ বছরের জুনে শাহিনশাহ, রউফদের দায়িত্ব বুঝে নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার মরকেল।
বিশ্বকাপ পর্যন্ত তার সঙ্গে চুক্তি ছিল পিসিবির। আসর থেকে পাকিস্তানের বিদায় নিশ্চিত হওয়ার পর এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। পাকিস্তান দলও এরই মধ্যে ফিরে গেছে দেশে।
আগামী মাসে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাবে পাকিস্তান। এই সিরিজের আগেই নতুন বোলিং কোচ নিয়োগ দেয়ার কথা জানিয়েছে পিসিবি। তবে গুঞ্জন আছে এই সিরিজে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে উমর গুলকে।
বর্তমানে আইপিএলে লখনৌ সুপার জায়ান্টসের বোলিং কোচ হিসেবে নিযুক্ত আছেন মরকেল। এর আগে নামিবিয়া জাতীয় দলের কোচিং স্টাফে ছিলেন। দক্ষিণ আফ্রিকার এসএ টোয়েন্টিতে ডারবান সুপার জায়ান্টসের বোলিং কোচ হিসেবেও ছিলেন তিনি।
সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ১৩ নভেম্বর ২০২৩









