মধ্যপ্রাচ্য

ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক স্থগিত করলো বাহরাইন

মানামা, ০৩ নভেম্বর – ইসরাইলি সেনাদের নির্বিচার হামলার প্রতিবাদে অর্থনৈতিক এবং কূটনৈতিক সম্পর্ক স্থগিত করেছে বাহরাইন। এছাড়া তেল আবিবে থাকা রাষ্ট্রদূতকে ফিরে আসার নির্দেশও দিয়েছে দেশটি।

বৃহস্পতিবার (২ নভেম্বর) বাহরাইনের সংসদের নিম্নকক্ষ রাষ্ট্রদূতকে ফিরে আসার নির্দেশ দেয়। এই নিম্নকক্ষই ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিল।

২০২০ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থ্যতায় আব্রাহাম চুক্তির মাধ্যমে ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিল চারটি দেশ। এর মধ্যে অন্যতম ছিল বাহরাইন।

আব্রাহাম চুক্তির পর বাহরাইন ও ইসরাইলের মধ্যে সবদিক দিয়ে সম্পর্ক বৃদ্ধি পায়। আরব বিশ্বের দেশগুলোর সঙ্গে উত্তেজনা নিরসনে আব্রাহাম চুক্তিকে ব্রেকথ্রু হিসেবে দেখা হয়েছিল। তবে এ চুক্তির তেমন কার্যকারিতা বাস্তবে পাওয়া যায়নি।

বাহরাইনের সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের দেশে নিযুক্ত ইসরাইলের দূতও বাহরাইন ছেড়েছেন এবং ইসরাইলের সঙ্গে বাণিজ্য সম্পর্ক স্থগিত করা হয়েছে।

তবে ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল জানিয়েছে, বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ধরনের কোনো ঘোষণা আসেনি। মূলত সংসদের নিম্নকক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। এর মাধ্যমে বাহরাইনের ক্ষুব্ধ নাগরিকদের শান্ত করার একটি প্রয়াস চালানো হয়েছে।

ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ও জানিয়েছে, বাহরাইনের সঙ্গে তাদের সম্পর্ক স্থিতিশীল আছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৩ নভেম্বর ২০২৩


Back to top button
🌐 Read in Your Language