মধ্যপ্রাচ্য

গাজায় ত্রাণের ২০ ট্রাক প্রবেশের পরপরই বন্ধ রাফাহ ক্রসিং

জেরুজালেম, ২১ অক্টোবর – টানা দু’সপ্তাহের অবরোধে আটকে থাকার পর অবশেষে রাফাহ ক্রসিং দিয়ে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ওষুধ ও খাবারের ২০টি ট্রাক প্রবেশ করেছে। রাফাহ ক্রসিং থেকে এ তথ্য নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

মিশরে অবস্থানরত স্ট্রিংগারের বরাত দিয়ে সিএনএন বলেছে, ২০টি ট্রাক পৌঁছানোর পর সীমান্ত দ্রুত বন্ধ করে দেয়া হয়েছে।

সকালে রাফাহ সীমান্ত খোলার সঙ্গে সঙ্গে মিশরীয় অংশের লোকেরা উল্লাস ও শ্লোগান দিয়ে উদযাপন করেন। হামাস নিয়ন্ত্রিত সরকারি গণমাধ্যম জানিয়েছে, অবরুদ্ধ গাজায় যে ২০ ট্রাক ত্রাণ বহর প্রবেশ করেছে তাতে ওষুধ, চিকিৎসা সরঞ্জাম এবং সীমিত পরিমাণে কৌটাজাত খাবার আছে।

এর আগে সকাল থেকে সীমান্ত অতিক্রমের জন্য অপেক্ষায় ছিল ত্রাণবাহী ট্রাক। জাতিসংঘের একটি সংস্থা বলছে, এই ত্রাণের পরিমাণ গাজার প্রয়োজনীয় চাহিদার চেয়ে অনেক কম। যাকে জাতিসংঘ ‘সাগরে এক বিন্দু জল ফেলার’ সঙ্গে তুলনা করেছে।

ফিলিস্তিন শরণার্থীদের জন্য ত্রাণ ও কর্ম সংস্থার কর্মী জুলিয়েট তোমা বলেছেন, ‘এখানে মানবিক সাহায্যের ধারাবাহিকতা দরকার। গাজার বেসামরিক নাগরিকদের সত্যিই যা প্রয়োজন তা হলো, টেকসই এবং অবিচ্ছিন্ন মানবিক সহায়তা প্রবেশের অনুমতি। বিশেষ করে পানি এবং স্টেশনগুলোর জন্য জ্বালানি।’

তোমা আরও বলেন, ‘পানির পাম্পগুলোর জন্য জ্বালানি অপরিহার্য। গাজায় পানি শেষ হয়ে যাচ্ছে। কিছু জায়গায় পানি পুরোপুরি ফুরিয়ে গেছে। দিন প্রতি গাজায় পানির প্রয়োজন ১০০ লিটার। পানির সরবরাহ বন্ধের আগে গাজায় দিন প্রতি ৮৪ লিটার পানি ঢুকত আর যুদ্ধের পর সেই পরিমাণ কমে দাঁড়িয়েছে প্রতিদিন তিন লিটার।’

এদিকে গাজায় দুই সপ্তাহ ধরে চলা ইসরায়েলের নির্বিচার হামলায় ৪ হাজার ১৩৭ জন নিহত হয়েছেন। আহত ১৩ হাজারের বেশি মানুষ। নিহতদের মধ্যে শিশু ১ হাজার ৫২৪, আর নারী ১ হাজারের বেশি। নিহতদের মধ্যে রয়েছেন ১১ সাংবাদিকও।

এ ছাড়া পশ্চিম তীরে ইসরায়েলের হামলায় গতকাল পাঁচ শিশুসহ ১৩ জন নিহত হয়েছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২১ অক্টোবর ২০২৩


Back to top button
🌐 Read in Your Language