মিডিয়া

ইসরায়েলে আলজাজিরা কার্যালয় বন্ধের প্রস্তাব

জেরুজালেম, ১৫ অক্টোবর – হামাসঘেঁষা সংবাদ প্রকাশ এবং তাদের সেনাদের সম্ভাব্য আক্রমণের তথ্য ফাঁসের অভিযোগ তুলে ইসরায়েলে অবস্থিত কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার স্থানীয় ব্যুরো বন্ধ করার কথা জানিয়েছেন ইসরায়েলি তথ্যমন্ত্রী শ্লোমা করহি।

রোববার (১৫ অক্টোবর) আর্মি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

শ্লোমা করহি বলেছেন, আলজাজিরা বন্ধ করার প্রস্তাব করেছেন তিনি। বিষয়টি বর্তমানে ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা ও আইন বিশেষজ্ঞরা যাচাই-বাছাই করছেন। এরপর আজ তিনি বিষয়টি দেশের মন্ত্রিসভায় উত্থাপন করবেন।

তিনি বলেন, এটি এমন একটি সংবাদমাধ্যম যা উসকানি দেয়। ইসরায়েলি সেনাদের সমাবেশস্থলের ভিডিও প্রচার করে। ইসরায়েলের নাগরিকদের বিরুদ্ধে উসকানি দেয়। এটি প্রোপাগান্ডা মাউথপিস (মুখপত্র) হিসেবে কাজ করে।

ইসরায়েলি তথ্যমন্ত্রী বলেন, আলজাজিরা হামাসের মুখপাত্রের বার্তা প্রচার করে, যা অযৌক্তিক। আমি আশাবাদী, আমরা আজই এটির শেষ দেখব।

তবে আলজাজিরা বা কাতার সরকার এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১৫ অক্টোবর ২০২৩


Back to top button
🌐 Read in Your Language