নারায়নগঞ্জ

নারায়ণগঞ্জে কারখানায় বিস্ফোরণ, ৫ শ্রমিক দগ্ধ

নারায়ণগঞ্জ, ১৪ অক্টোবর – নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় একটি ডাইং কারখানায় বিস্ফোরণে ৫ জন শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

দগ্ধরা হলেন মো. সাইফুল ইসলাম (৩০), মো. ইকবাল হোসেন (২৫), মোহাম্মদ মোজাম্মেল হক (৩০), মো. জাকারিয়া (২০) ও মো. শরিফুল ইসলাম (৩২)।

নারায়ণগঞ্জ জেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন আহমেদ বিস্ফোরণের ঘটনা নিশ্চিত করেছেন।

দগ্ধদের সহকর্মী রফিকুল ইসলাম বলেন, আমরা সবাই ওই মিলের শ্রমিক। রাত ৩টার দিকে কাজ করার সময় হঠাৎ গ্যাসের মিটার বিস্ফোরণ হয়ে আমাদের পাঁচজন দগ্ধ হন।

ফতুল্লা মডেল থানার এস আই গোলাম মোস্তফা জানান, সোমবার রাত ১টার দিকে ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকায় আমিন ডাইং কারখানায় কেমিক্যালের গোডাউনে বসে ধুমপান করছিলেন কয়েকজন শ্রমিক। ওই সময়ে কেমিক্যাল কারখানায় থাকা গ্যাসের পাইপ লিকেজ থাকায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। আগুন কেমিক্যাল ও গ্যাসের লাইনে ছড়িয়ে পড়ে। এতে ওই সময়ে ঘটনাস্থলে থাকা ৫ জন দগ্ধ হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম বলেন, দগ্ধদের মধ্যে মোজাম্মেলের শরীরে ১০০ শতাংশ, সাইফুল ৬০, শরিফুলের ৫৭, জাকারিয়ার ৩৫ ও ইকবালের শরীরে ৩০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১৪ অক্টোবর ২০২৩


Back to top button
🌐 Read in Your Language